জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য শরীফ এনামুল কবিরের পদত্যাগ দাবিতে আমরণ অনশন শুরু করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা।
জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও ‘সন্ত্রাসের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর ১২টা থেকে এ কর্মসূচি শুরু করেন। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিদের শপথ গ্রহণের মাধ্যমে সাংস্কৃতিক জোটের সম্পাদক শাকিলা শারমিনের নেতৃত্বে শুরু হয় অনশন। তাদের শপথ পড়ান জাহাঙ্গীরনগর থিয়েটারের সম্পাদক রাসেল রানা।
আন্দোলনরত শিক্ষার্থীরা শপথ বাক্যে বলেন- “জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একের পর এক ঘটে যাওয়া অন্যায় অপকর্ম-অনিয়ম-দুর্নীতি ও সন্ত্রাসের মদদদাতা উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত অনশন চলবে।”
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে উপাচার্য ভবন থেকে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের হয়। অর্ধসহস্রাধিক শিক্ষার্থী এতে অংশ নেয়।
এই কর্মসূচি চলাকালে দুপুরে উপাচার্য ভবনের সামনে অনশনস্থলে উপস্থিত হন সাংসদ তারানা হালিম। বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা জানতে শিক্ষক-শিক্ষার্থী ও সাংস্কৃতিক কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “গণমাধ্যমে সাংস্কৃতিক কর্মীদের কান্না শুনে আমি এসেছি। উভয়পক্ষের সঙ্গে কথা বলে সরকারকে সার্বিক পরিস্থিতি জানাব।”
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার পরে উপাচার্যের সঙ্গে কথা বলতে যান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিআরা নাসরিন, লেখক রেহনুমা আহমেদ, নিউএইজ সম্পাদক নুরুল কবীর, অভিনেত্রী বন্যা মির্জা, কণ্ঠশিল্পী কৃষ্ণকলি ইসলাম, চলচ্চিত্রকার মোল্লা সাগর, সাংবাদিক উদিসা ইসলাম ও সাইদিয়া গুলরুখ এবং গানের দল ‘চিৎকার’মহ অনেকেই এই কর্মসূচির সঙ্গে সংহতি জানাতে ক্যাম্পাসে উপস্থিত হয়েছেন।
এদিকে অনশন কর্মসূচি চলাকালেই উপাচার্য ভবনের পেছনের ফটকে অবস্থান নিয়ে মাইকে শ্লোগান দিতে থাকে ‘উপাচার্যপন্থী’ হিসাবে পরিচিত ছাত্রলীগ কর্মীরা। উপাচার্য সমর্থক শিক্ষকরাও সকালে উপাচার্য ভবনের পেছনের সড়কে মানববন্ধন করেন।
এছাড়া ছাত্রলীগের একটি অংশ সকাল ১০টার দিকে উপাচার্যের সমর্থনে মিছিল করে। হলগুলোতে শিক্ষার্থীদের আটকে রেখে ওই মিছিলে আসতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা।
গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যায় ‘শিক্ষক সমাজ’।
মঙ্গলবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শহীদ রফিক-জব্বার হল ঘুরে দেখা যায়, ক্লাস-পরীক্ষা না হওয়ায় সাধারণ শিক্ষার্থীরা হল ছেড়ে বাড়ি চলে যেতে শুরু করেছেন।
আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী আফজাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ক্লাস-পরীক্ষা চলছে না, মিছিলে না গেলে ছাত্রলীগ হুমকি দিচ্ছে। এ পরিস্থিতিতে হলে থাকা সুবিধাজনক নয়।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৩৪৫ ঘ.
bdnews24