রাজবাড়ী/নাটোর, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ী ও নাটোরে সড়ক দুর্ঘটনায় শিক্ষক ও সাবেক চেয়ারম্যানসহ তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন।
এরমধ্যে রাজবাড়ীর পাংশায় দুই দুর্ঘটনায় দু’জন এবং নাটোরের বড়াইগ্রামে একজন নিহত হন।
পাংশা থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন জানান, রোববার রাতে পাংশার পাট্টায় নিহত হন পুঁইজোর প্রাথমিক বিদ্যালয়য়ের শিক্ষক রফিকুল ইসলাম এবং সোমবার সকালে বাবুপাড়ায় নিহত হন বাবুপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ৯টার দিকে বাইসাইকেলযোগে পুঁইজোড়ে বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলে শিক্ষক রফিকুল নিহত হন।
এছাড়া সোমবার সকাল ৭টার দিকে বাড়ি থেকে মোটরসাইকেলযোগে পাংশা যাওয়ার পথে দৌলতদিয়া-কুষ্টিয়া সড়কের বালিয়াপাড়ায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
এ ব্যাপারে পাংশা থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আলমগীর হোসেন।
নাটোর প্রতিনিধি জানান, বড়াইগ্রাম উপজেলার রাজাপুরে সোমবার ভোরে দুই ট্রাকের সংঘর্ষে এক গরু ব্যবসায়ী নিহত এবং পাঁচজন আহত হন।
নিহত আরমান আলী (৩৭) পাবনার ঈশ্বরদী উপজেলার চক নাড়িচা বাগবাড়ি গ্রামের শমসের আলীর ছেলে।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবর রহমান জানান, ভোর সাড়ে ৬টার দিকে ঈশ্বরদী থেকে বগুড়াগামী একটি মিনিট্রাক রাজাপুরে পৌঁছালে পেছন দিক অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মিনিট্রাকটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই নিহত হন আরমান আলী।
তিনি আরো জানান, এ সময় মিনিট্রাকের চালকসহ কমপক্ষে পাঁচজন আহত হয়। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/ডিডি/২০২০ ঘ.
bdnews24