পটুয়াখালী, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালী সদরে রোববার এক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জৈনকাঠি ইউনিয়নের উত্তর ঠেংগাই গ্রামে নিজ বাড়িতে নিহত মালেক হাওলাদার (৫০) একজন মাটিকাটা শ্রমিক।
এ ঘটনায় স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।
নিহতের স্ত্রী রাজ ভানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ২টার দিকে ঘরের বারান্দায় খাটে ঘুমন্ত মালেককে খোলা জানালা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তার চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে তাকে রক্তাক্ত দেখতে পায়। পটুয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকৎসক মৃত ঘোষণা করেন।
পটুয়াখালী সদর থানার ওসি মো. মনিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় জৈনকাঠী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ফিরোজ আলমসহ সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন তার স্ত্রী।
তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
নিহতের ছেলে মো. জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাবা জৈনকাঠী ইউনিয়নের ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকদের প্রধান দায়িত্বে ছিলেন। কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা সঠিকভাবে কাজ না করে প্রকল্পের টাকা আত্মসাত করলে তার বাবা ইউপি চেয়ারম্যানকে প্রধান আসামি করে সাত জনের বিরুদ্ধে মামলা করেন।
এতে ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানের লোকজন এ ঘটনা ঘটাতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ চেয়ারম্যান মো. ফিরোজ আলম অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি সম্পূর্ণই আমার প্রতিপক্ষের ষড়যন্ত্র। আমাকে ফাঁসানোর জন্য তারা টাকা আত্মসাতের মামলা করেছিল। এখন আবার মালেক হত্যায় তার নাম জড়িয়েছে প্রতিপক্ষ।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/১৮৫৩ ঘ.
bdnews24