সাভার, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিন সাভারের ছোট কালিয়াকৈরে ১১টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, সোমবার সকাল ১০টার দিকে ছোট কালিয়াকৈর এলাকার একটি রাস্তার পাশে ঝোপের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় বোমাগুলো উদ্ধার করা হয়।
হরতালে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে বোমাগুলো ওই স্থানে লুকিয়ে রাখা হয়েছিলো বলে ধারণা করছে পুলিশ।
এসআই জানান, ঝোপের ভেতরে একটি প্লাস্টিকের ব্যাগ পড়ে থাকতে দেথে পথচারীরা। তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে হাতবোমাগুলো উদ্ধার করে।
বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বালতির ভেতরে পানিতে ভিজিয়ে রাখা হয়েছে।
গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে।
ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফায় দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/আরএ/১৩৪১ ঘ.
bdnews24