২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতবোমা বিস্ফোরণ: ছাত্রদলকর্মী গ্রেপ্তার

এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর মৌচাক থেকে এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2012, 07:32 AM

Updated : 24 Aug 2022, 11:16 AM

ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘সন্ধান’ দাবিতে টানা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর মৌচাক থেকে এক ছাত্রদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রমনা থানার ওসি মো. শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার বেলা ১২টার দিকে মামুন নামের এক ছাত্রদল কর্মী মৌচাক মোড়ে একটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি জানিয়ে ওসি বলেন, মানুনের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। গত ১৭ এপ্রিল থেকে নিখোঁজ বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী ও তার গাড়িচালক মো. আনসার। তাদের সরকার গুম করেছে বলে বিএনপি দাবি করলেও সরকারের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছে। ইলিয়াস আলীর সন্ধান দাবিতে গত সপ্তাহে তিন দিন হরতালের পর রোববারও একই কর্মসূচি দেওয়া হয়। রোববার থেকে শুরু হয়েছে দ্বিতীয় দফায় দুই দিনের সকাল-সন্ধ্যা হরতাল। সোমবার হরতাল শেষে নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এসআই/আরএ/১৩২৭ ঘ.