ঢাকা, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির কেন্দ্রীয় নেতা ও নিখোঁজ এম ইলিয়াস আলীর ঘনিষ্ট হিসাবে পরিচিত কামরুজ্জামান রতনকে হরতালের সময় হাতবোমা বিস্ফোরণ এবং গাড়ি ভাংচুরের মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর মালিবাগে দেশ টিভির একটি টক শোতে অংশ নিয়ে বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ রতনকে ‘তুলে’ নিয়ে যায় বলে জানান তার স্ত্রী নূরে জান্নাত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “এরপর আমি দ্রুত বেইলি রোডের গোয়েন্দা কার্যালয়ে যাই। কিন্তু তারা আমাকে বলে- রতনকে সেখানে নেওয়া হয়নি।”
এরপর সোমবার সকালে মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে একটি গাড়িতে অগ্নিসংযোগ ও শাহবাগে হাতবোমা বিস্ফোরণের অভিযোগে তেজগঁও ও শাহবাগ থানার দুটি মামলায় রতনকে গ্রেপ্তার করা হয়েছে।
নব্বইয়ে স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রতন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। ওই কমিটিতে ইলিয়াস আলী ছিলেন সাধারণ সম্পাদক এবং রুহুল কবির রিজভী ছিলেন সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসএম/আরএ/১১০৫ ঘ.
bdnews24