ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগামী দুই সপ্তাহে ভারত ও বাংলাদেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক দুই দেশের কূটনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি আনছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কার গ্রহণ করতে রোববার কলকাতা যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। এদিকে আগামী ২ থেকে ৫ মে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) বার্ষিক বৈঠকের ফাঁকে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে বসবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
৫ ও ৬ মে ঢাকা সফর করবেন প্রণব মুখোপাধ্যায়। গত সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ বিবৃতির বিষয়গুলোর অগ্রগতি পর্যালোচনার উদ্দেশ্যে তার এ সফর।
এর পর ভারত ও বাংলাদেশের মধ্যে উন্নয়ন ও সহযোগিতার রূপরেখা চুক্তির আওতায় গঠিত যৌথ পরামর্শক কমিশনের (জয়েন্ট কনসালটেটিভ কমিশন-জেসিসি) প্রথম বৈঠকে সভাপতিত্ব করতে নয়া দিল্লি যাবেন দীপু মনি।
মাদার তেরেসা পুরস্কার
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, সামাজিক কর্মকাণ্ড ও প্রশাসনিক দক্ষতার জন্য পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে এবার এ পুরস্কার দেওয়া হচ্ছে।
কলকাতায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দীপু মনির সাক্ষাতের কোনো সম্ভাবনা আছে কি না জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “তিনি তার (মমতার) শহরে যাচ্ছেন এবং তাদের দেখা হওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। তবে যতদূর জানি, তাদের মধ্যে কোনো নির্ধারিত বৈঠক নেই।”
মনমোহন সিংয়ের ঢাকা সফরের সময় দুই দেশের মধ্যে তিস্তার পানি বণ্টন চুক্তি হওয়ার কথা থাকলেও মমতার প্রবল আপত্তির মুখে তা হয়নি।
এডিবির বৈঠক
আগামী ২ থেকে ৫ মে ম্যানিলায় এশীয় উন্নয়ন ব্যাংকের ৪৫তম বার্ষিক বৈঠকে অংশ নেবেন ভারত ও বাংলাদেশের অর্থমন্ত্রী।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “এডিবির ওই বৈঠকের পাশাপাশি দুই অর্থমন্ত্রী দিপক্ষীয় বৈঠকে বসতে পারেন। সেখানে অর্থনীতি ও অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হতে পারে।”
“গত সেপ্টেম্বরে বাংলাদেশি পণ্যের জন্য ভারত তার বাজার উন্মুক্ত করে দেওয়ায় এ বৈঠক খুব গুরুত্বপূর্ণ। এছাড়া প্রতিবেশি এ দেশটি যোগাযোগসহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের জন্য একশ’ কোটি ডলারের ঋণ দিচ্ছে।”
২০১০-১১ অর্থবছরে দুই দেশের মধ্যে পাঁচশ’ কোটি ডলারের বেশি বাণিজ্য হয়েছে। এরমধ্যে বাংলাদেশ ৫০ কোটি ডলার রপ্তানির বিপরীতে আমদানি করেছে সাড়ে চারশ’ কোটি ডলার।
প্রণবের সফর
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকীর সমাপনী অধিবেশনের অনুষ্ঠানে অংশ নিতে আগামী ৫ মে ঢাকা আসবেন ভারতের অর্থমন্ত্রী।
গত সেপ্টেম্বরে ভারতীয় প্রধানমন্ত্রীর ঢাকা সফরের সময় দেওয়া যৌথ বিবৃতির বাস্তবায়ন নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও দেখা করবেন তিনি।
জেসিসি বৈঠক
মনমোহন সিংয়ের ঢাকা সফরের পর গঠিত এ কমিশনের এটাই প্রথম বৈঠক।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, “স্থগিত হয়ে থাকা এবং সামনে এগিয়ে নেওয়ার মতো যে কোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।”
এই কমিশন গঠনের আগে দুই দেশের মধ্যে জয়েন্ট ইকোনোমিক কমিশন নামে একই ধরনের একটি ফোরাম ছিল। ২০০৩ সালে ওই কমিশনের সর্বশেষ বৈঠকে বাংলাদেশের পক্ষে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী মোরশেদ খান ও ভারতের পক্ষে যশোবন্ত সিনহা নেতৃত্ব দেন।
জেসিসি বৈঠকে পানি, যোগাযোগ, সীমান্ত নিরাপত্তা ও বাণিজ্যসহ দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে আলোচনা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এসইউ/০৯৩৪ ঘ.
bdnews24