২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হিলারির সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনার আশা পররাষ্ট্রমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের আসন্ন ঢাকা সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে আলোচনার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 06:52 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটনের আসন্ন ঢাকা সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয়ে আলোচনার আশা প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। দুদিনের এক সফরে আগামী ৫ মে হিলারি ঢাকা আসছেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তার এই সফরের বিষয়টি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় আগেই নিশ্চিত করে। দীপু মনি শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত অক্টোবরে যুক্তরাষ্ট্র সফরের সময় আমি তার সঙ্গে বৈঠক করেছিলাম। এখন তিনি সফর করছেন এবং আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব।” হিলারির সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রভিত্তিক তেল-গ্যাস অনুসন্ধানকারী প্রতিষ্ঠান কনোকো-ফিলিপসের কার্যক্রম আলোচনা হবে কি না জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “দেখা যাক।” কনোকো-ফিলিপস বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের কাজ করছে। মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পর অন্য ছয়টি ব্লকেও অনুসন্ধান চালানোর প্রস্তাব দিয়েছে প্রতিষ্ঠানটি। দীপু মনি বলেন, “ইটলসের রায়ের পর বঙ্গোপসাগরের ব্লকগুলোকে পুনর্বিন্যাস করা প্রয়োজন।” গত ১৪ মার্চ সমুদ্র আইন বিষয়ক আন্তর্জাতিক ট্রাইব্যুনালের (ইটলস) রায়ের মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমারের দীর্ঘদিনের সমুদ্রসীমা বিরোধের সমাপ্তি ঘটে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতার বিষয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে দীপু মনি সরাসরি উত্তর এড়িয়ে বলেন, “বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে।” এই মাসেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রথম নিরাপত্তা সংলাপ হয়, যাতে যোগ দিতে ঢাকা এসেছিলেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহকারী সেক্রেটারি অ্যান্ড্রু শাপিরো। চীন থেকে ভারত যাওয়ার পথে ঢাকায় হিলারির সফরের বিস্তারিত সূচি সম্পর্কে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছু জানা যায়নি। হিলারি এর আগে ১৯৯৫ ও ২০০০ সালে গ্রামীণ ব্যাংকের আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন। তবে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম সফর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/০০৪৭ ঘ.