শেখ শাহরিয়ার জামান
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাশিয়া থেকে একশ কোটি ডলারের সমরাস্ত্র কিনতে যাচ্ছে বাংলাদেশ এবং এর চুক্তি শিগগিরই হবে বলে জানিয়েছেন মস্কোয় নিযুক্ত রাষ্ট্রদূত এস এম সাইফুল হক।
রাশিয়ার রাষ্ট্রায়াত্ত তেল-গ্যাস সংস্থা গ্যাজপ্রমের সঙ্গে চুক্তির পরপরই সমরাস্ত্র কেনার এই চুক্তি হচ্ছে।
রাষ্ট্রদূত সাইফুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এক থেকে দুই মাসের মধ্যে চুক্তি হবে বলে আমরা আশা করছি।”
রাশিয়ার সঙ্গে কী পরিমাণ অর্থের চুক্তি হচ্ছে- জানতে চাইলে তিনি বলেন, “এক বিলিয়ন ডলারের কাছাকাছি হবে।”
এর আগে একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, মস্কোর কাছ থেকে ৮৫ কোটি ডলারের প্রতিরক্ষা সরঞ্জাম কিনবে ঢাকা। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ৭ হাজার ১৪০ কোটি টাকা, যা বাংলাদেশের চলতি অর্থবছরের বাজেটের ৪ শতাংশের বেশি।
রাশিয়ার কাছ থেকে পাওয়া ঋণে এই সমরাস্ত্র কেনা হবে বলে রাষ্ট্রদূত জানান। তবে এই বিষয়ে বিস্তারিত আর কিছু বলেননি তিনি।
সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এক প্রতিবেদনে জানানো হয়, দীর্ঘমেয়াদি ঋণের আওতায় রাশিয়ার কাছ থেকে এক স্কোয়াড্রন এমআরসিএ জেট ট্রেইনার বিমান এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন রাডার কিনবে বাংলাদেশ।
গ্যাজপ্রমের একটি প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় এসেছিলেন সাইফুল হক। শুক্রবারই তিনি মস্কো রওনা হন।
রাষ্ট্রদূত বলেন, “আমাদের বিশ্বস্ত মিত্রদের মধ্যে রাশিয়া অন্যতম। দেশটির সঙ্গে আমাদের নিরাপত্তা সহযোগিতা ক্রমেই বাড়ছে।”
আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাশিয়ার সঙ্গে জ্বালানি ও পারমাণবিক সহযোগিতার ক্ষেত্রও তৈরি হয়েছে। দেশটির সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে পরিসর আরো বাড়ানোর সুযোগ রয়েছে বলে মনে করেন রাষ্ট্রদূত।
স্বাধীনতা সংগ্রামের সময় থেকেই বাংলাদেশের সঙ্গে রাশিয়ার সহযোগিতার সম্পর্ক। ১৯৭১ সালে বাংলাদেশের বিজয় যখন সন্নিকটে, তখন যুদ্ধবিরতির জন্য জাতিসংঘে যুক্তরাষ্ট্রের প্রস্তাবে পর পর তিন বার ভেটো দিয়েছিল সমাজতান্ত্রিক সোভিয়েত ইউনিয়ন।
স্বাধীনতা যুদ্ধের পর চট্টগ্রাম সমুদ্র বন্দরকে মাইনমুক্ত করে ব্যবহার উপযোগী করে তুলেছিল সোভিয়েত নৌবাহিনী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এমআই/২২১০ ঘ.
bdnews24