২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহেল তাজের পক্ষে মিছিলে স্লোগান শেখ সেলিমের বিরুদ্ধে

“পত্রিকা মারফত জানতে পেরেছি, শেখ সেলিম অশোভন আচরণ করায় সোহেল তাজ মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন,” বলেছেন এক ছাত্রলীগ নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2012, 05:42 PM

Updated : 24 Aug 2022, 11:15 AM

গাজীপুর, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তানজিম আহমদ সোহেল তাজকে রাজনীতিতে ফিরিয়ে আনার দাবিতে তার নির্বাচনী এলাকায় মিছিল করেছে গাজীপুরের কাপাসিয়ার একদল আওয়ামী লীগ নেতা-কর্মী। শুক্রবার উপজেলা সদরে ওই মিছিলে আওয়ামী লীগের কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয় বলে স্থানীয়রা জানিয়েছে। কাপাসিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব উদ্দিন আহমেদ সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “পত্রিকা মারফত জানতে পেরেছি, শেখ সেলিম অশোভন আচরণ করায় সোহেল তাজ মন্ত্রিত্ব ও সংসদ সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছেন। এজন্য আমরা প্রধানমন্ত্রীর কাছে সুবিচার দাবি করেছি।” উপজেলা আওয়ামী লীগের এক প্রস্তুতি সভার পর ছাত্রলীগের একটি মিছিল বের হয়, যাতে শেখ সেলিমের বিরুদ্ধে স্লোগান ওঠে। কাপাসিয়া উপজেলা সদরে সদর রোডে দলীয় কার্যালয়ে প্রস্তুতি সভায়ও স্থানীয় নেতারা তানজিমকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনতে দলীয় সভানেত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চেয়ে বক্তব্য রাখেন। কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি আজগর রশীদ খান জানান, “সোহেল তাজের প্রতি অশোভন আচরণের কারণেই তিনি পদত্যাগ করেছেন বলে আমরা পত্রিকা পড়ে জেনেছি। এজন্য দায়ী ব্যক্তির বিচার চাওয়া হয়েছে।” কাপাসিয়ার আওয়ামী লীগ সংসদ সদস্য তানজিম গত ২৩ এপ্রিল স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে কোনো কারণ উল্লেখ না করলেও একটি খোলা চিঠিতে তিনি লিখেছেন, কিছু কারণ রয়েছে, যা এই মুহূর্তে তিনি প্রকাশ করতে চাচ্ছেন না। শেখ হাসিনার সরকারের এই প্রতিমন্ত্রী সরকার গঠনের কয়েক মাসের মাথায় মন্ত্রিসভা থেকেও পদত্যাগ করেন। তবে তার ওই পদত্যাগপত্রও এখনো গৃহীত হয়নি। তানজিম দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। তার মা সৈয়দা জোহরা তাজউদ্দিন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য। আগামী ১ মে টঙ্গীতে শেখ হাসিনার জনসভার প্রস্তুতির জন্য কাপাসিয়ায় উপজেলা আওয়ামী লীগের ওই সভা হয়, যাতে তানজিমের পদত্যাগের বিষয়টি আসে। আজগর রশীদ খানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম মোজাম্মেল হক। উপস্থিত ছিলেন কৃষক লীগের সাধারণ সম্পাদক ও কাপাসিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাহার হোসেন মোল্লা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোমতাজ উদ্দিন মেহেদী, সংসদ সদস্য জাহানারা বেগম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শহীদুল্লাহ্, কেন্দ্রীয় শ্রমিক লীগের সহসভাপতি হাবিবুর রহমান আকন্দ প্রমুখ। এদিকে ওই প্রস্তুতি সভাস্থলে সদলবলে যাওয়ার পথে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিনের ওপর হামলা চালায় দলীয় প্রতিপক্ষ। এতে ১০ জন নেতা-কর্মী আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩৪০ ঘ.