জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উপাচার্য কার্যালয় ও বাসভবন ঘেরাও করা যাবে না- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নিলেও ঘেরাও কর্মসূচি চালিয়ে যাচ্ছেন আন্দোলনরত শিক্ষকরা।
আন্দোলনরত শিক্ষকদের ঘেরাওয়ের মধ্যেই শুক্রবার সিন্ডিকেট সভায় ঘেরাও ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত হয়।
ওই সিদ্ধান্তের প্রতিক্রিয়া জানতে চাইলে ‘শিক্ষক সমাজের’ আহ্বায়ক অধ্যাপক নাসিম আখতার হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এই সিদ্ধান্ত এখনো আনুষ্ঠানিকভাবে জানতে পারিনি।”
“আমরা কাল (শনিবার) দুপুর ২টা পর্যন্ত উপাচার্য কার্যালয় ও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান করব। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।”
উপাচার্যের পদত্যাগ দাবিতে শিক্ষক সমাজের ঘেরাওয়ের মধ্যেই শুক্রবার দুপুরে জরুরি সিন্ডিকেট সভা বসে, যাতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির।
আন্দোলনরত শিক্ষকদের ঘেরাওয়ের কারণে বেশ কিছুদিন ধরে নিজের কার্যালয়ে অফিস করছিলেন না উপাচার্য।
বৈঠকের পর বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক আবু বকর সিদ্দিক সাংবাদিকদের জানান, উপাচার্য ভবন এবং তার বাসভবন ঘেরাও করা যাবে না বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।
এই সিদ্ধান্তের পর কেউ ঘেরাও করলে কী পদক্ষেপ নেওয়া হবে- জানতে চাইলে সিন্ডিকেট সদস্য ও ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক মো. বখতিয়ার রানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।”
উপাচার্যবিরোধী শিক্ষকদের ঘেরাওয়ের মধ্যে উপাচার্যপন্থী হিসাবে পরিচিত শিক্ষকরা শুক্রবার বেলা ১১টার দিকে উপাচার্য ভবনের পেছনের ফটকে অবস্থান নিলে উত্তেজনার সৃষ্টি হয়।
দুই পক্ষ দুই দিকে অবস্থান নেওয়ায় সকাল থেকে ক্যাম্পাসে প্রায় তিন শতাধিক পুলিশ মোতায়েন করা হয়। তাদের একটি বড় অংশ অবস্থান নেন শিক্ষকদের দুই পক্ষের মাঝামাঝি স্থানে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে কোনো ধরনের অস্থিতিশীলতা এড়াতে পুলিশ সদস্যদের সতর্ক রাখা হয়েছে।”
বেলা সোয়া ১১টার দিকে ‘উপাচার্যপন্থী ছাত্রলীগ’ নেতা হিসেবে পরিচিত শেখ শরীফুল ইসলাম, আশরাফুজ্জামান লিটন, মেহেদী হাসান সম্রাট ও সাইফুল ইসলাম শাকিলের নেতৃত্বে একটি মিছিল প্রশাসনিক ভবনের সামনে এসে পুলিশের উপস্থিতিতেই শিক্ষক সমাজের ‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ ভেঙে ফেলে। এ সময় বেশ কিছু ব্যনার ও ফেস্টুনও পুড়িয়ে দেয় তারা।
‘উপাচার্য প্রত্যাখ্যান মঞ্চ’ পোড়ানোর প্রতিবাদে বিকালে ক্যাম্পাসে মিছিল করেছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট। এর নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে ছাত্র ইউনিয়ন।
সিন্ডিকেটে ছুটির সিদ্ধান্ত
জরুরি ওই সিন্ডিকেট সভায় আগামী ৫ মে থেকে বিশ্ববিদ্যালয়ে গ্রীষ্মকালীন ছুটি শুরুর সিদ্ধান্তও হয়েছে। মাসব্যাপী ছুটি শেষে ৫ জুন বিশ্ববিদ্যালয় খুলবে।
এছাড়া উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী আকন্দের ওপর হামলার ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠনের সিদ্ধান্তও হয়েছে বলে জানিয়েছেন নিবন্ধক আবু বকর সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক নাসিরউদ্দিন নেতৃত্বাধীন ওই কমিটির অন্য দুই সদস্য হলে ভুগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক শেখ মনজুরুল হক এবং আইন ও বিচার বিভাগের অধ্যাপক মো. শাহাবুদ্দিন।
দুই শিক্ষকের বিরুদ্ধে হামলার অভিযোগ এনে গত বুধবার সন্ধ্যায় থানায় মামলা করেন উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সভাপতি আলী আকন্দ। এরপর ওই রাতেই গ্রেপ্তার করা হয় উপাচার্যবিরোধী আন্দোলনে যুক্ত অধ্যাপক তালিম হোসেন ও সহযোগী অধ্যাপক মো. নূহ আলমকে।
তাদের গ্রেপ্তারের পর শিক্ষক সমাজের ব্যানারে আন্দোলনরত শিক্ষকরা বৃহস্পতিবার রাত থেকে উপাচার্যের বাসভবন ভবন ঘিরে রাখে। শুক্রবার সকাল থেকে প্রশাসনিক ভবনও ঘিরে রাখে। এর মধ্যেই বসে সিন্ডিকেট সভা।
গত ৯ জানুয়ারি ইংরেজি বিভাগের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ছাত্রলীগের হাতে খুন হওয়ার পর থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনে একপ্রকার অচল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম।
ওই ঘটনায় বিশ্ববিদ্যায় প্রশাসন ১৩ শিক্ষার্থীকে বহিস্কার করলেও শিক্ষক নিয়োগের বিরোধিতা করে এবং উপাচার্যের পদত্যাগ দাবিতে ধাপে ধাপে আন্দোলন চালিয়ে যায় ‘শিক্ষক সমাজ’।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমআই/১৯১২ ঘ.
bdnews24