খুলনা, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ দিতে হয়েছে এক ব্যক্তিকে। তার বাড়িও ভাঙচুর হয়েছে।
বৃহস্পতিবার রাতে ডুমুরিয়া উপজেলার আরাজী ডুমুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত মনিরুল ইসলাম (৩০) পেশায় মটরসাইকেল চালক।
ডুমুরিয়া থানার ওসি এম মসিউর রহমান জানান, গত কয়েক মাস ধরে মনিরুলের স্ত্রীতে উত্ত্যক্ত করে আসছিল তার প্রতিবেশী ফিরোজ শেখ। বৃহস্পতিবার মনিরুল এর প্রতিবাদ করতে গিয়ে খুন হন।
স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত মঙ্গলবার নলকূপ থেকে পানি আনতে গেলে একা পেয়ে মনিরুলের স্ত্রীকে উত্ত্যক্ত করে ফিরোজ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে ফিরোজের বাড়িতে গিয়ে ওই ঘটনার প্রতিবাদ জানায় মনিরুল।
“তখন ফিরোজ উত্তেজিত হয়ে দা নিয়ে ঘর থেকে বেরিয়ে মনিরুলকে কোপ দেয়। কিন্তু সে ব্যর্থ হলে তার চাচা হালিম শেখ দা’টি নিয়ে মনিরুলের গলায় কোপ বসিয়ে দেয়।”
দায়ের আঘাতে মারাত্মক জখম মনিরুলকে প্রথমে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান।
নিহত মনিরুলের ছোট ভাই মিনারুল ইসলাম সাংবাদিকদের বলেন, মনিরুলকে কুপিয়ে আহত করার পর তাদের বাড়িতে এসে তিনটি মটর সাইকেলসহ বাড়িঘর ভাঙচুর করে ফিরোজ ও তার সঙ্গীরা।
ওসি জানান, এ ঘটনায় মিনারুল ইসলাম বাদি হয়ে ১০ জনের বিরুদ্ধে হত্যামামলা করেছেন। অভিযুক্ত হালিমের স্ত্রী বেবি বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৬৪১ ঘ.
bdnews24