লাবলু আনসার
নিউইয়র্ক থেকে
নিউ ইয়র্ক, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপিনেতা এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ নিয়ে ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠা রাজনৈতিক পরিবেশের মধ্যে ঢাকা সফর করবেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
আগামী ৫ মে তিনি ঢাকা করবেন বলে বৃহস্পতিবার জানান যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ভিক্টোরিয়া নুল্যান্ড। এটি হতে যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারির প্রথম বাংলাদেশ সফর।
গত ১৭ এপ্রিলে রাতে ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়া নিয়ে বিএনপির হরতাল পালন এবং হরতাল ডাকার ইঙ্গিতের মধ্যে বৃহস্পতিবারই দলটির চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান মজিনা।
সন্ধ্যা ৬টা থেকে পৌনে এক ঘণ্টার ওই বৈঠক বিষয়ে বিএনপি বা রাষ্ট্রদূত কেউই সংবাদ মাধ্যমে কিছু বলতে রাজি হয়নি। এর তিন ঘণ্টা পর স্টেট ডিপার্টমেন্টের এক বার্তায় জানা যায় হিলারির ঢাকা সফরের খবর।
সফর প্রসঙ্গে ভিক্টোরিয়া জানান, ঢাকায় হিলারি ক্লিনটন উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। ঢাকা থেকে তিনি কলকাতা ও নয়াদিল্লি যাবেন।
ওয়াশিংটনে বাংলাদেশের প্রেস মিনিস্টার স্বপন সাহা জানান, হিলারি ক্লিনটন ৩-৪ মে চীন থাকবেন এবং ৫-৮ মে পর্যন্ত বাংলাদেশ ও ভারত সফর করবেন।
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে হিলারি সংশ্লিষ্ট সবার সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি।
গতবছরের শুরু দিকে গ্রামীণ ব্যাংক থেকে এর ব্যবস্থাপনা পরিচালক নোবেলবিজয়ী মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয় কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের সঙ্গে সম্পর্কে এ ঘটনার প্রভাব পড়বে বলে সে সময় সতর্ক করেন ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টিসহ সফরে আসা মার্কিন পররাষ্ট্র দপ্তরের আরো এক কর্মকর্তা।
হিলারি ক্লিনটন এর আগে দুবার বাংলাদেশ সফর করেন ১৯৯৫ ও ২০০০ সালে। প্রথমবার তিনি এসেছিলেন গ্রামীণ ব্যাংকের আমন্ত্রণে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/০০১৮ ঘ.
bdnews24