২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষতিপূরণের দাবিতে আলুচাষির মানববন্ধন

দিনাজপুরের উত্তরা হিমাগারে আলু সংরক্ষণকারী ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 01:25 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

দিনাজপুর, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের উত্তরা হিমাগারে আলু সংরক্ষণকারী ক্ষতিগ্রস্ত চাষিরা ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন করেছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার গোপালগঞ্জে এই হিমাগারের সামনে আলুচাষি সংগ্রাম কমিটির ব্যানারে প্রায় তিনশ’ কৃষক মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন চলাকালে সমাবেশে সংগ্রাম কমিটির সভাপতি আজিজুল হক বলেন, “ভূমি প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মির্জা আশফাকের পরিচালনাধীন উত্তরা হিমাগারে আলু সংরক্ষণ করে আমরা প্রায় ১০ হাজার আলুচাষি ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি।” ২০১০ সালে প্রায় ১০ হাজার আলুচাষি ৫৭ হাজার বস্তা আলু ওই হিমাগারে রাখেন। এর একমাসের মধ্যেই আলুতে পচন ধরে। এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে গঠিত তদন্ত কমিটি হিমাগারকে পচনের জন্য দায়ী করে ক্ষতির পরিমাণ জানিয়ে দেয়। আজিজুল বলেন, “২০১০ সালের ১৫ জুলাইয়ের মধ্যে ক্ষতিগ্রস্ত চাষিদের পাওনা ছয় কোটি ২৯ লাখ ৮৫ হাজার টাকা পরিশোধ করার চুক্তি হলেও তা দেওয়া হয়নি।” মানববন্ধনে আরো বক্তৃতা করেন, কৃষক লীগ জেলা সভাপতি সাখাওয়াত হোসেন, জেলা কৃষক সমিতির আহবায়ক বদিউজ্জামান, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক রবিউল আওয়াল খোকা, বাসদ জেলা সমন্বয়ক রেজাউল ইসলাম প্রমুখ। এ ব্যাপারে মির্জা আশফাকের সঙ্গে মোবাইলে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন ধরেননি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৯১৯ ঘ.