২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের শর্ত চূড়ান্ত

বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত রেললাইন স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত চূড়ান্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2012, 11:58 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের আখাউড়া থেকে ভারতের আগরতলা পর্যন্ত রেললাইন স্থাপনের বিষয়ে একটি সমঝোতা স্মারকের (এমওইউ) শর্ত চূড়ান্ত করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রেল ভবনে ভারতীয় উপ হাই কমিশনার সঞ্জয় ভট্টাচার্যের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এসব শর্ত চূড়ান্ত করেন যোগাযোগ ও রেলপথ মন্ত্রী ওবায়দুল কাদের। বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের জানান, চুক্তির চূড়ান্ত খসড়াটি অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হবে। “খসড়া নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এমওইউ স্বাক্ষরের দিনক্ষণ চূড়ান্ত করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এমওইউ স্বাক্ষরের পর প্রকল্প বাস্তবায়নে উভয় দেশের মধ্যে একটি চুক্তি হবে।” বাংলাদেশকে দেওয়া ভারতের ১০০ মিলিয়ন ডলার ঋণের আওতায় এ প্রকল্প বাস্তবায়িত হবে বলে ওবায়দুল কাদের জানান। বহু আলোচিত মেট্রো রেল প্রকল্প নিয়ে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাইকার বাংলাদেশ কার্যালয়ের সিনিয়র রিপ্রেজেনটেটিভ কেই তোয়ামার নেতৃত্বে একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার যোগাযোগ মন্ত্রণালয়ে মন্ত্রী ও সচিবের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তারা এ প্রকল্পে অর্থায়ন নিয়ে ইতিবাচক মনোভাবই দেখিয়েছেন। প্রাক-একনেক বৈঠকে এ প্রকল্পের যে প্রস্তাব (পিপি) অনুমোদন করা হয়েছে- জাইকা প্রতিনিধিরা তাতে সন্তোষ প্রকাশ করেছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী। তিনি জানান, শিগগিরই জাইকার বৈঠকে এ প্রকল্পের অর্থায়ন নিয়ে আলোচনা হবে। “আশা করি এতে ইতিবাচক ফলাফল আসবে। মেট্রোরেল বাস্তবায়নে কোনো অন্তরায় নেই”, বলেন মন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কিউএইচ/জেকে/১৭৫১ ঘ.