গাইবান্ধা, ২৬ এপ্রিল (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিপণের দাবিতে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা থেকে অপহৃত তিন শিশুকে গোবিন্দগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী দলের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত শিশুরা হলো- পলাশবাড়ী উপজেলার হরিণমারী গ্রামের খায়রুল ইসলামের ছেলে বিদ্যুৎ মিয়া (৮), একই উপজেলার সুলতানপুর বড়ইপাড়া গ্রামের শফিউল ইসলামের ছেলে নাজমুল ইসলাম (৯) ও দূর্গাপুর গ্রামের রোস্তম আলীর ছেলে বিল্লু মিয়া (৮)।
পলাশবাড়ী থানার ওসি শাহ আলম জানান, বৃহস্পতিবার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে গোবিন্দগঞ্জের বাহাদুরপুর গ্রামের শাহারুল ইসলামের বাড়ি থেকে ওই শিশুদের উদ্ধার করে ।
অপহরণকারী দলের চার সদস্যকেও সেখান থেকে গ্রেপ্তার করা হয়।
অপহরণের অভিযোগে গ্রেপ্তারকৃত চারজন হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার বাহাদুরপুর গ্রামের আজগর আলীর ছেলে শাহারুল ইসলাম (২৮), একই গ্রামের বুল্লু মিয়ার স্ত্রী সালেহা বেগম (৪৫), গোবিন্দগঞ্জ উপজেলার খুকশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৩০) ও পলাশবাড়ী উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল গোফ্ফার হোসেনের ছেলে গোলজার হোসেন।
বুধবার সকালে স্কুলে যাওয়ার পথে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কৌশলে তাদের তুলে নিয়ে যাওয়া হয়। পরে মোবাইল ফোনে অভিভাবকদের কাছে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা।
এ ব্যাপারে শিশুদের অভিভাবকরা পলাশবাড়ী থানায় পৃথক মামলা দায়ের করেছেন বলে জানান পুলিশ কর্মকর্তা শাহ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৩৮ ঘ.
bdnews24