ঢাকা, মার্চ ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলমান এইচএসসি পরীক্ষার মধ্যে হরতাল করার ওপর অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করেছেন এক আইনজীবী।
রিটকারী মো. ইউনূস আলী আকন্দ জানান, বৃহস্পতিবার দুপুরে তিনি বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এই আবেদন করেন। আদালত তা গ্রহণ করে রোববার শুনানির দিন রেখেছে।
একইসঙ্গে বাংলাদেশে পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপে বিবাদীদের প্রত্যাখ্যাত কর্মকাণ্ডকে কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না এবং পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আরোপ না করতে কেন বিবাদীদেরকে নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল চাওয়া হয়েছে।
রিটে ২০১২ সালের এইচএসসি পরীক্ষা চলাকালে হরতাল আরোপে বিবাদীদের সিদ্ধান্ত গ্রহণের উপর অন্তর্র্বতীকালীন নিষেধাজ্ঞা চাওয়া হয়।
রিটে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, শিক্ষা সচিব ও স্বরাষ্ট্র সচিবকে বিবাদী করা হয়েছে।
এর আগে রিট আবেদন করার পর ইউনূস আলী আকন্দ সাংবাদিকদের বলেন, “হরতাল গণতান্ত্রিক অধিকার। তবে পরীক্ষা দেওয়াও শিক্ষার্থীদের অধিকার। তাদের এ অধিকার থেকে বঞ্চিত করা হবে মৌলিক অধিকারের লঙ্ঘন।”
পাবলিক পরীক্ষা চলাকালে হরতাল আহ্বানকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত উল্লেখ করে রিটে বলা হয়, এর মাধ্যমে তারা সংবিধানের ১৫, ১৭, ৩১ ও ৩২ অনুচ্ছেদ লংঘন করেছেন।
রিট আবেদনকারী অন্য কোনো প্রতিকার না পেয়ে আদালতের দারস্থ হয়েছেন বলেও রিটে উল্লেখ করা হয়। তার মেয়ে ইফরিত বিনতে ইউনূস ভিকারুননিসা নুন স্কুল থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছেন।
বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনায় গত রোববার থেকে টানা তিনদিন সারা দেশে হরতাল করে দলটি। একই কারণে এর আগে গত বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় হরতাল হয়। হরতালের কারণে ওই দিনগুলোর পরীক্ষা পিছিয়ে দিতে বাধ্য হয় শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের এক বৈঠকের পর নেতারা ইংগিত দেন, ইলিয়াসকে শনিবারের মধ্যে ‘পাওয়া’ না গেলে পরদিন থেকে বিরোধী জোট আবার টানা হরতাল করবে।
এর আগে হরতালের তৃতীয় দিন মঙ্গলবার শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের বলেন, বিরোধী দলের হরতালের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
“এ সরকারের আমলে গত তিন বছরে শিক্ষা ব্যবস্থাকে শৃঙ্খলার মধ্যে আনা হয়েছিল। লাগাতার হরতালের জন্য পুরো বছরের শিক্ষা ক্যালেন্ডার বিঘিœত হচ্ছে”, বলেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/ডিডি/২৩৫৫ ঘ.
bdnews24