ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাকরাইলের জাজেজ কমপ্লেক্সে অবস্থিত ৬৮ নম্বর সার্কিট হাউজ ভবন সুপ্রিম কোর্টের কাছে হস্তান্তরের নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে ওই ভবনে সরকারি কর্মচারীদের দেওয়া বরাদ্দ বাতিলের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানাতে বলা হয়েছে।
হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বুধবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চ এই আদেশ দেয়।
পূর্ত সচিব, আইন সচিব, ভূমি সচিব, সুপ্রিম কোর্টের নিবন্ধক ও গভর্নমেন্ট অ্যাকোমোডেশন পরিদপ্তরের পরিচালককে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
একইসঙ্গে ওই ভবনে আর কোনো সরকারি কর্মচারীকে বরাদ্দ না দেওয়ার এবং ইতোমধ্যে দেওয়া বরাদ্দের পরবর্তী কার্যক্রম স্থগিত রাখতে বলেছে আদালত।
রিট আবেদনকারীর পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাজেজ কমপ্লেক্সে অবস্থিত ওই ভবন সুপ্রিম কোর্টকে দেওয়ার সরকারি সিদ্ধান্ত হলেও তা আর আলোর মুখ দেখেনি। সেখানে সরকারি কর্মচারীদের বরাদ্দ দেওয়া হচ্ছে।
রিট আবেদনে সরকার পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএইচ/০০৩২ ঘ.
bdnews24