সাতক্ষীরা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের উলুবাড়িয়া এলাকায় বুধবার বাঘের আক্রমণে এক মৌয়ালের মৃত্যু হয়েছে।
নিহত শাহবাজ গাইন (৪০) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার যতীন্দ্রনগর গ্রামের বাসিন্দা।
সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা (এসিএফ) তৌফিকুল ইসলাম জানান, সকালে শাহবাজ গাইন, মুকুল মোড়ল, রফিকুল, রুহুল আমিনসহ কয়েকজন বনবিভাগের অনুমতি নিয়ে মধু সংগ্রহ করতে সুন্দরবনে যান।
দুপুরে উলুবাড়িয়ায় মধু সংগ্রহ করার সময় বাঘ শাহবাজকে ধরে বনের ভিতর নিয়ে যায়।
তার চিৎকারে সঙ্গীরা বাঘের পিছু নেয়। এক পর্যায়ে তারা সঙ্গে থাকা দা, বল্লম ও লাঠি দিয়ে বাঘটিকে আক্রমণ করলে মৃত শাহবাজকে ফেলে বাঘটি বনের মধ্যে চলে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০৩০ ঘ.
bdnews24