লিটন হায়দার
অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান পেতে দলটির এক জন সাংসদসহ বিএনপির অন্তত ১৫ জন নেতা-কর্মীকে জিজ্ঞাসাবাদ করেছে র্যাব।
র্যাবের গণমাধ্যম ও আইনী শাখার পরিচালক এম সোহায়েল বুধবার বিকালে তার কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াস নিখোঁজ হওয়ার ঘটনাটিকে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রথম দিন থেকেই অনুসন্ধানে মাঠে নেমেছে র্যাব।”
গত ১৭ এপ্রিল রাতে ‘নিখোঁজ’ হওয়ার পর বুধবার (২৫ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ইলিয়াস আলীর কোনো সন্ধান পায়নি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার সন্ধান দাবিতে রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত টানা তিন দিন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন শেষে সরকারকে আগামী শনিবার পর্যন্ত সময় বেঁধে দিয়েছে বিএনপি।
র্যাব কর্মকর্তা সোহায়েল জানান, তার খোঁজে ইতিমধ্যে অন্তত তিন জায়গায় অভিযান চালানো হয়েছে।
“তাছাড়া বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে বিএনপিদলীয় একজন সংসদ সদস্যও রয়েছেন। এই সংসদ সদস্যকে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়।”
বিএনপির যে সাংসদকে র্যাব জিজ্ঞাসাবাদ করেছে তিনি এক সময় বিএনপি সমর্থিত ছাত্র সংগঠন ছাত্রদলের নেতা ছিলেন।
১৭ এপ্রিল রাতে রূপসী বাংলা হোটেলে ইলিয়াস আলীর সঙ্গে যারা গিয়েছিলেন সেই বিএনপিনেতাদেরসহ আরো বেশ কয়েকজনকে র্যাব কার্যালয়ে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের মধ্যে ইলিয়াস আলীর একজন আইনজীবীও রয়েছেন বলে জানান সোহায়েল।
“প্রত্যেককে আলাদা আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংশ্লিষ্টরা।”
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইলিয়াসকে উদ্ধারের জন্য গোয়েন্দা পুলিশের সর্বশক্তি নিয়োগ করা হয়েছে। বিভিন্ন জায়গায় খোঁজ খবর নেওয়া হচ্ছে।”
“তদন্তের প্রয়োজনে যাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তাদের একে একে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে গোয়েন্দা পুলিশ এ পর্যন্ত কোথাও কোনো অভিযান চালায়নি।”
জিজ্ঞাসাবাদে কী জানা গেছে- সে বিষয়ে কোনো তথ্য দিতে রাজি হননি ওই দুই কর্মকর্তা।
ইলিয়াসের সন্ধান দাবি করে বিএনপির তিন দিনের হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষে ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে দুজন নিহত হয়। এছাড়া হরতালকেন্দ্রিক বাসে অগ্নিসংযোগে রাজধানীতে এক চালক এবং পিকেটারদের ভয়ে পালাতে গিয়ে সাবারে এক ট্যাক্সিক্যাবচালক গাড়ি নিয়ে খাদে পড়ে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২৩০৮ ঘ.
bdnews24