জয়পুরহাট, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটে একটি লবণবোঝাই ট্রাক থেকে দুই মণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় চালকসহ ট্রাকটি আটক করা হয়।
গ্রেপ্তারকৃত ট্রাক চালক জাহেদুল ইসলামের বাড়ি জয়পুরহাটের কালাই উপজেলা শহরের কোয়ার্টার পাড়া এলাকায়।
সদর থানার ওসি আবু হেনা মোস্তফা কামাল জানান, বুধবার ভোররাতে কুমিল্লা থেকে ছেড়ে আসা ওই ট্রাকটিকে সদরের জামালপুর পাকার মাথা এলাকায় আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে সেটি থেকে প্রায় দুই মণ গাঁজা ও দেড়শ’ বস্তা লবণসহ প্রায় ২৮ লাখ ৭০ হাজার টাকার মালামাল উদ্ধার করে পুলিশ।
আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ট্রাকের দেড়শ’ বস্তা লবণও আটক করা হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এএল/১৭৪৭ ঘ.
bdnews24