ঢাকা, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের সদস্য মনোনীত হয়েছেন।
বুধবার টিআইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দুজনকে নিয়ে সংস্থার ট্রাস্টি বোর্ডের সদস্য সংখ্যা হলো ১১ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ জানুয়ারি টিআইবি ট্রাস্ট্রি বোর্ডের ৭২তম সভায় সর্বসম্মতিক্রমে রোকেয়া আফজাল ও শামসুল হুদাকে ট্রাস্টি বোর্ডের সদস্য করার সিদ্ধান্ত হয়। এ বিষয়ে তারা সম্মতিও দিয়েছেন।
ট্রাস্টি বোর্ডই দুর্নীতিবিরোধী এ সংস্থার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম।
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন, সাহিত্যিক সেলিনা হোসেন মহাসচিব এবং সাংবাদিক মাহফুজ আনাম কোষাধ্যক্ষ হিসাবে দায়িত্ব পালন করছেন।
বোর্ডের অন্য সদস্যরা হলেন অ্যাডভোকেট তৌফিক নেওয়াজ, অধ্যাপক মোজাফফর আহমদ, অধ্যাপক খান সারওয়ার মুরশিদ, সৈয়দা রুহী গজনবী, এম হাফিজউদ্দিন খান এবং অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১৭৩৪ ঘ.
bdnews24