ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ১ মে সংবাদপত্র কার্যালয় বন্ধ থাকবে। এ কারণে পরের দিন কোনো সংবাপত্র প্রকাশিত হবে না।
মঙ্গলবার পত্রিকা মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সভাপতি মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকরা ন্যায্য পারিশ্রমিক, কাজের সময় আট ঘণ্টা ও একদিন ছুটির দাবিতে আন্দোলন গড়ে তোলে।
এর ধারাবাহিকতায় ধর্মঘট চলাকালে ওই বছরের ১ মে শিকাগোর হে মার্কেটে শ্রমিকদের ওপর গুলি চালায় পুলিশ। ওইদিন ১০ শ্রমিকের আত্মত্যাগের মধ্য দিয়ে গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। উত্তাল হয়ে ওঠে পুরো শিকাগো শহর। অবশেষে যুক্তরাষ্ট্র সরকার শ্রমিকদের দাবি মেনে নিতে বাধ্য হয়।
১৮৮৯ সালের ১৪ জুলাই ফ্রান্সের রাজধানী প্যারিসে আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর শ্রমিকদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস ঘোষণা করা হয়। পরের বছর থেকে ১ মে সারাবিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে ‘মে দিবস’ পালিত হয়ে আসছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২০৪ ঘ.
bdnews24