২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জব্বারের বলীখেলা ঘিরে বৈশাখী মেলা শুরু

নগরের লালদীঘি ও এর আশেপাশের এলাকায় ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলাকে ঘিরে তিনদিনের বৈশাখী মেলা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরের লালদীঘি ও এর আশেপাশের এলাকায় ঐতিহ্যবাহী জব্বারের বলীখেলাকে ঘিরে তিনদিনের বৈশাখী মেলা শুরু হয়েছে। আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার থেকে মেলা শুরুর কথা থাকলেও একদিনে আগে সোমবার সকাল থেকেই লালদীঘি ও আশপাশের এলাকায় পসরা নিয়ে বসে যান দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দোকানিরা। তবে বিরোধীদলের ডাকা হরতালের কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পসরা নিয়ে এ মেলায় আসতে ব্যবসায়ীদের বেগ পেতে হয়েছে। এছাড়া মেলার প্রথমদিনে লোকজনের উপস্থিতি অন্যান্য বছরের তুলনায় কম বলে আয়োজকরা জানিয়েছেন। সব বয়সের মানুষ মঙ্গলবার সকাল থেকেই থেকেই ভিড় করেছেন এ মেলায়। কেউ কিনছেন কেউ বা ঘুরতে এসেছেন। তিনদিনের এ মেলার মূল আকর্ষণ জব্বারের বলীখেলা হবে বুধবার বেলা সাড়ে তিনটায়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক বলী (প্রতিযোগী) কুস্তি প্রতিযোগিতায় অংশ নেবেন। ১৯১০ সালে নগরীর বদরপাতির বাসিন্দা আবদুল জব্বার সওদাগর ১২ ই বৈশাখ লালদীঘি মাঠে কুস্তি প্রতিযোগিতার আয়োজন করেন। সেই থেকে প্রতিবছর বৈশাখের ১২ তারিখ বলীখেলার আয়োজন করা হচ্ছে। প্রতিবছরের এই মেলা ও খেলা জব্বারের বলীখেলা হিসেবে পরিচিতি পায়। এবার বসেছে এ বলী খেলা ও মেলার ১০৩ তম আসর। এ মেলাকে ঘিরে এবার লালদীঘি মাঠ, সিনেমা প্যালেস, টেরি বাজার, আন্দরকিল্লা, কোতয়ালী মোড় সংলগ্ন আশেপাশের এক কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা বসেছে। বেতের তৈরি চালুনি, মাছ ধরার চাঁই, তৈজসপত্র, মাটির তৈরি খেলনা, ফুলদানি, মাটির তৈরি পুতুল, তালপাখা, টব, হাড়ি-পাতিল, কাঠ-বাঁশ-বেতের তৈরি আসবাবপত্র, হাতপাখা, ঝাড়–, কুলা, শীতল পাটি, পলো, মুড়ি-মুড়কি, নাড়–, গাছের চারা, দা-বটি, বৈশাখী ফল কী নেই এ মেলায়। পুরো চট্টগ্রামবাসী সারা বছর অপেক্ষা করেন এ বৈশাখী মেলার জন্য, বছরের নিত্য প্রয়োজনীয় টুকিটাকি জিনিসপত্র কেনার জন্য। টাঙ্গাইল থেকে আসা মৃৎশিল্পী জীবন কৃঞ্চ পাল ট্রাকে করে বিপুল পরিমাণ মাটির জিনিসপত্র এনেছেন। তিনি বলেন, মাটির জিনিস বানানো আমাদের আদি পেশা। টানা আট বছর ধরে এ মেলায় আসছি। আশা করি ভালই ব্যবসা হবে। চন্দনাইশের জোয়ারা এলাকা থেকে হাতপাখা নিয়ে এসেছেন আবদুল হাকিম। তিনি বলেন, শহরের মানুষের কাছে তালপাতার পাখার ব্যাপক চাহিদা রয়েছে। বৈশাখের গরমে বিদ্যুৎ না থাকলে এসব হাতপাখা খুব কাজে আসে। এবারও বিক্রি ভাল হবে প্রত্যাশা তার। মেলার মূল আকর্ষণ জব্বারের বলী খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বুধবার বেলা সাড়ে তিনটায়। এর উদ্বোধন ঘোষণা করবেন চ্যানেল আইয়ের পরিচালক শাইখ সিরাজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম. মনজুর আলম। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবুল কাশেম। এবারের কুস্তি প্রতিযোগিতা সরাসরি স¤প্রচার করবে চ্যানেল আই। প্রতিযোগিতার পৃষ্ঠপোষক হিসেবে আছে বাংলালিংক। বলীখেলা ও বৈশাখী মেলা উপলক্ষে সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানান আয়োজক কমিটির সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “মেলায় আসা দোকানিদের কাছ তেকে কেউ চাঁদা নিতে পারে সে ব্যাপারে আমরা সচেষ্ট।” তিনি জানান, বিরোধীদলের ডাকা হরতালের প্রভাবে এবার দেশের বিভিন্ন প্রান্ত থেকে ব্যবসায়ীরা কম এসেছেন। তবে মেলায় অংশগ্রহণকারীদের সংখ্যা অন্যান্যবারের চেয়ে কম হবে না বলেও আশা প্রকাশ করেন তিনি। মেলা আয়োজন নির্বিঘœ করতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান নগর পুলিশের উপ-কমিশনার (সদর) বনজ কুমার মজুমদার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসইউ/১৮১৫ ঘ.