২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঢিলেঢালা হরতালে গ্রেপ্তার ১৩

বিএনপির ডাকে হরতালের তৃতীয় দিনে চট্টগ্রামে বিক্ষিপ্ত ভাঙচুর হলেও তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গ্রেপ্তার করা হয়েছে এক নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 01:49 PM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির ডাকে হরতালের তৃতীয় দিনে চট্টগ্রামে বিক্ষিপ্ত ভাঙচুর হলেও তেমন কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। গ্রেপ্তার করা হয়েছে এক নারী ওয়ার্ড কাউন্সিলরসহ ১৩ জনকে। সকাল থেকে ভারি যানবাহন না চললেও বেলা বাড়ার সঙ্গে নগরীর প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কে যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। বিকালের দিকে যানবাহন চলাচল ছিলো প্রায় স্বাভাবিক। আগের দুই দিনের মতো মঙ্গলবারও দলীয় নেতাকর্মীরা নাসিমন ভবনের সামনে সড়কে অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করেন। এ সময় নগর বিএনপি সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান, সাংগঠনিক সম্পাদক গোলাম আকবর খোন্দকার, নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। আগের দুই দিন নগরীর বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীদের পিকেটিং করতে দেখা গেলেও এদিন এমন দৃশ্য ছিল হাতেগোণা। তবে নগরীর অলঙ্কার মোড়ে ভোরবেলা দাঁড়িয়ে থাকা স্কাই লাইন পরিবহনের একটি বাসে আগুন দেয় পিকেটাররা। এ ছাড়া কাপ্তাই রাস্তার মাথায় প্রায় একই সময়ে যাত্রীবাহী টেম্পোতে আগুন দেওয়া হয়। এদিকে নগরীর আগ্রাবাদ, চান্দগাঁও ও নিউ মার্কেট থেকে ১৩ বিএনপিকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান নগর পুলিশের উপ-কমিশনার বনজ কুমার মজুমদার। তিনি বলেন, যানবাহনে অগ্নিসংযোগ ও অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে আগ্রাবাদে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সামনে গাড়ি চলাচলে বাধা দেওয়ার সময় পুলিশ ওয়ার্ড কাউন্সিলর ও নগর মহিলা দলের সভাপতি মনোয়ারা বেগম মনিসহ ছয় জনকে গ্রেপ্তার করে। পরে দুুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। স্বাভাবিক বন্দর, লেনদেন কম হরতালের কারণে চট্টগ্রাম বন্দরে পণ্য ওঠা-নামায় কোন সমস্যা না হলেও দুুপর পর্যন্ত পণ্য পরিবহনে ব্যাঘাত ঘটেছে। এদিন চট্টগ্রামের অন্যতম ব্যবসায়িক কেন্দ্র খাতুনগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান খোলা ছিলো। তবে লেনদেন হয়েছে খুব সামান্য। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এসোসিয়েশনের সভাপতি মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রতিদিন গড়ে খাতুনগঞ্জ এলাকায় তিনশ’ কোটি টাকার মতো লেনদেন হয়। কিন্তু তিন দিনের হরতালের কারণে ব্যবসায়ীরা বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে। চট্টগ্রাম ইপিজেডে বিভিন্ন শিল্প কারখানায়ও হরতালের মধ্যে কাজ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/১৯৩৮ ঘ.