ঢাকা, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে।
তার জামিনের মেয়াদ বাড়ানোর বিষয়ে শুনানির জন্য রোববার শুনানির দিন রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
মঙ্গলবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে এই ট্রাইব্যুনালে আলীমের বিরুদ্ধে মামলার কার্যক্রম শুরুর পর আসামির আইনজীবীরা দুটি আবেদন করেন।
এর মধ্যে একটি আবেদনে অভিযোগ গঠনের শুনানি ৬ সপ্তাহ মুলতবি রাখতে বলা হয়। অন্য আবেদনটি ছিল জামিনের মেয়াদ বৃদ্ধির জন্য।
প্রসিকিউটর রানা দাসগুপ্ত দুটি আবেদনেরই বিরোধিতা করেন।
তিনি শুনানিতে বলেন, “সময়ক্ষেপণ করার জন্যই শুনানি মুলতবির আবেদন করা হয়েছে। অভিযোগ গঠনের পর্যায়ে শুনানি মুলতবি সুযোগ নেই।”
অন্যদিকে আলীমের আইনজীবী তরিকুল ইসলাম বলেন, “আমরা শুনানিতে অংশ নেওয়ার জন্য প্রস্তুতিতে পর্যাপ্ত সময় পাইনি।”
মুলতবির আবেদনের ওপর শুনানি শেষে ট্রাইব্যুাল তা খারিজ করে দেয়। আর অন্যটির শুনানির জন্য রোববার দিন রেখে ওই দিন পর্যন্ত আলীমের জামিন বহাল রাখার কথা জানায় ট্রাইব্যুাল।
এরপর অভিযোগ গঠনের শুনানি শুরু হলে একাত্তরে আলীমের দুটি যুদ্ধাপরাধের অভিযোগ পড়ে শোনান প্রসিকিউটর রানা দাসগুপ্ত। অভিযোগ গঠনের শুনানি বুধবারও চলবে।
গত ২৭ মার্চ বিএনপি নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। পরে মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়।
প্রসিকিউশন গত ১৫ মার্চ আনুষ্ঠানিকভাবে আলীমের বিরুদ্ধে অভিযোগ জমা দেয়। তিন হাজার ৯০৯ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে তার বিরুদ্ধে সাত ধরনের মানবতাবিরোধী অপরাধের ১৭টি ঘটনায় জড়িত থাকার অভিযোগ এনেছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
গতবছর ২৭ মার্চ জয়পুরহাটের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় সাবেক মন্ত্রী আলীমকে। অশীতিপর এই বৃদ্ধ বিশেষ শর্তে জামিনে রয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/১৮৫০ ঘ.
bdnews24