২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢিলেঢালা হরতাল চট্টগ্রামে

এম ইলিয়াস আলীর খোঁজ চেয়ে বিএনপির ডাকা হরতালের তৃতীয় দিনে চট্টগ্রামে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2012, 08:05 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

চট্টগ্রাম, এপ্রিল ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর খোঁজ চেয়ে বিএনপির ডাকা হরতালের তৃতীয় দিনে চট্টগ্রামে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে পালিত হচ্ছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, মঙ্গলবার ভোর পাঁচটায় বিক্ষুব্ধ পিকেটাররা নগরীর অলংকার মোড়ে একটি দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়। এসময় বাসটিতে কেউ ছিল না। এছাড়া একটি টেম্পু ভাংচুরের কথা জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এদিকে পিকেটিং করার সময় পুলিশ বিএনপির নগর মহিলা দলের সভাপতি ও ওয়ার্ড কাউন্সিলর মনোয়ারা বেগম মনিসহ আটজনকে আটক করেছে। বিএনপি নেতা-কর্মীরা সকাল নয়টা থেকে অবস্থান নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নেয়। সকাল থেকেই সেখানে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ভোরে অলংকার মোড়ে স্কাই লাইন পরিবহনের একটি বাসে আগুন দেয়া হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ বলছে, পিকেটাররা বাসের সিটে আগুন দেয়ার চেষ্টা করে। তবে পরে পুলিশ গিয়ে তা নিয়ন্ত্রণে আনে। নগর গোয়েন্দা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার এস এম তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত নগরীর কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নগরীর কোতয়ালী ও চান্দগাঁও থানা এলাকা থেকে দুই পিকেটারকে আটক করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে মহিলা দলের কর্মীরা নগরীর আগ্রাবাদে স্টক এক্সচেঞ্জের সামনে মিছিল বের করে গাড়ি ভাংচুর করতে চাইলে পুলিশ তাদের আটক করে। ডবলমুরিং থানার ওসি আবুল কালাম আজাদ জানান, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করায় মনিসহ ছয়জনকে আটক করা হয়েছে। হরতালের সোমবার দ্বিতীয় দিনের হরতালেও নগরীর ইস্পাহানী মোড়ে পিকেটিং করার সময় মনি বেগমসহ ১১ মহিলাকে পুলিশ আটক করেছিল। পরে গভীর রাতে মনি বেগমকে ছেড়ে দেয়া হয়। এদিকে সকাল থেকে নগরীতে স্বাভাবিকভাবে রিকশা ও সিএনজি অটোরিকশা চলাচল শুরু করে। নগরীর মূল সড়কগুলোতে মাঝেমধ্যে বাস-ট্রাক চলাচল করতে দেখা গেছে। এদিনও নগরী থেকে দূরপাল্লার বাস ছাড়েনি। ট্রেন চলাচল স্বাভাবিক আছে। বন্দরে পণ্য ওঠানো-নামানোর কাজ স্বাভাবিক থাকলেও পণ্য বাইরে যাচ্ছে না। সরকারি-বেসরকারি অফিস-আদালত খোলা রয়েছে তবে কাজকর্ম চলছে সীমিত আকারে। এছাড়া হরতালের তৃতীয় দিনেও চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) শিল্প প্রতিষ্ঠানগুলোতে কাজ চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/সিএস/এসইউ/১৩৫৭ ঘ.