২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরের ভেতর ‘পীরের’ দাফন: ২৩ দিন পর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক ‘পীরের’ মৃত্যুর কারণ জানতে দাফনের ২৩ দিন পর কবর থেকে লাশ তুলেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 05:07 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় এক ‘পীরের’ মৃত্যুর কারণ জানতে দাফনের ২৩ দিন পর কবর থেকে লাশ তুলেছে পুলিশ। সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আব্দুল রউফ তালুকদারের উপস্থিতিতে উপজেলার সাদীপুর ইউনিয়নের নানাখি এলাকায় এক ঘরের ভেতরের কবর খুঁড়ে লাশ উদ্ধার করা হয়। কথিত পীর ও কবিরাজ মনির হোসেন ওরফে মনা পাগলা (৫৫) সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের আলমদী গ্রামের মো. তোফাজ্জল হোসেনের ছেলে। প্রায় দেড়মাস আগে মনা পাগলা মারা যান। সোনারগাঁও থানার এসআই আলেক খাঁন সাংবাদিকদের জানান, স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলা হলেও মৃত্যুর কারণ নিশ্চিত হতে লাশ কবর থেকে তোলা হয়েছে। ময়না তদন্তের পরই সব বলা যাবে। স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম সাংবাদিকদের জানান, গত সোমবার সকালে মনাকে ঘরে দাফনের বিষয়টি ফাঁস হয়। এ ঘটনায় পুলিশ মনা পাগলার কথিত ভাগ্নি শরিফা বেগমকে আটক করেছে। এলাকাবাসী জানায়, কয়েক বছর আগে নানাখি এলাকার দুবাইপ্রবাসী আলী হোসেনের স্ত্রী শরিফা বেগমের সঙ্গে ‘মামা-ভাগ্নি’ সম্পর্ক গড়েন মনা। আটক শরিফা পুলিশ ও সাংবাদিকদের জানান, মনার কথামতো তিনি ঘরের ভেতর লাশ দাফন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২৩০০ ঘ.