২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বনাথে ফের পুলিশ-গ্রামবাসী সংঘর্ষ

এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছে গ্রামবাসী। এছাড়া কানাইঘাট উপজেলায়ও সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 09:17 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

সিলেট, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে তার নির্বাচনী এলাকা সিলেটের বিশ্বনাথে পুলিশের সঙ্গে ফের সংঘর্ষে জড়িয়েছে গ্রামবাসী। এছাড়া কানাইঘাট উপজেলায়ও সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার টানা দ্বিতীয় দিনের মতো হরতাল শুরুর পর বেলা সোয়া ২টার দিকে ইলিয়াসের নিজের এলাকা অলঙ্কারি ইউনিয়নের রামাধানা গ্রামসহ আশপাশের ৭/৮টি গ্রামের কয়েক হাজার মানুষ লাঠি ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ নিয়ে থানার দিকে এগোতে থাকে। পুলিশ তাদের উপজেলা কমপ্লেক্সের কাছে আটকে দিলে সংঘর্ষ বাঁধে। এক পর্যায়ে বিশ্বনাথ উপজেলা কমপ্লেক্স এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। ইলিয়াস সমর্থকদের ইটের জবাবে পুলিশ রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় আহত হয় অন্তত ২০ জন। বিশ্বনাথ থানার ওসি চাঁন মিয়া বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য শতাধিক রাউন্ড রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের শেল ছুড়তে বাধ্য হয়েছে পুলিশ।” উপজেলা কমপ্লেক্সের আশপাশ ছাড়াও রামপাশা সড়কে জানাইয়া গ্রামবাসীর সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ চলছে বলে জানান ওসি। এর আগে হরতালের প্রথম দিনেও রামাধানা গ্রামবাসী থানা ঘেরাও করতে গেলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এতে নয় পুলিশসহ অর্ধশতাধিক আহত হন। রোববার সংঘর্ষস্থল থেকে ১৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর সিলেট থেকে অতিরিক্ত পুলিশ নিয়ে যাওয়া হয়েছিলো বিশ্বনাথে। সোমবার সকাল থেকেই উপজেলা সদরের প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও অবস্থান নেয়। তবে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে হরতালকারীদেরও সক্রিয় দেখা যায়। বিশ্বনাথে সংঘর্ষ বাধার আগে কানাইঘাট উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপি নেতা-কর্মীরা সংঘর্ষে জড়ালে অন্তত ১০ জন আহত হন। এ সময় অন্তত ১০টি দোকান ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপরে কানাইঘাট আওয়ামী লীগ হরতালবিরোধী মিছিল বের করে। কাছাকাছি সময়ে হরতাল সমর্থকদের একটি মিছিল শহরের উত্তর বাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় হরতাল সমর্থকরা একটি গাড়ি ভাংচুর করলে তাৎক্ষণিকভাবে উপজেলা শ্রমিক লীগ একটি মিছিল বের করে। মিছিলে ‘উস্তানিমূলক’ স্লোগান শুরু হলে বিএনপি নেতাকর্মীরা মিছিলকারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কানাইঘাট থানার ওসি রফিকুল ইসলাম জানান, এ সময় কানাইঘাট বাজারে ১০টি দোকান ও কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়। প্রায় অধাঘণ্টার সংঘর্ষে দুই পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে পরস্পরের ওপর চড়াও হয়। পুলিশ লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/জেকে/১৫১২ ঘ.