২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় বৈঠকের পর ‘নতুন কর্মসূচি’

এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে দেশজুড়ে টানা দ্বিতীয় দিনের হরতাল শুরুর পর অবরুদ্ধ বিএনপি কার্যালয় থেকে সাংবাদিকদের এ কথা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2012, 03:27 AM

Updated : 24 Aug 2022, 11:14 AM

ঢাকা, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এম ইলিয়াস আলীর ‘খোঁজ’ চেয়ে দেশজুড়ে টানা দ্বিতীয় দিনের হরতাল শুরুর পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সন্ধ্যায় বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। হরতালের প্রথম দিন রোববারের মতো সোমবারও ভোর থেকে নয়া পল্টনে বিএনপি কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে পুলিশ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কয়েকজন জ্যেষ্ঠ নেতা ছাড়া নেতা-কর্মীদের কাউকে কার্যালয়ে ঢুকতে দেওয়া হয়নি। সকালে পুলিশের অবরোধের ভেতর থেকেই মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ইলিয়াস আলীকে ‘ফিরিয়ে না দেওয়া’ পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে। “আজকের মধ্যে তাকে ফিরিয়ে না দেওয়া হলে সন্ধ্যায় দলের নীতি নির্ধারণী বৈঠকের পর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তাই সরকারকে বলব, এখনো সময় আছে- ইলিয়াস আলীকে ফিরিয়ে দিন।” সরকারের সংস্থা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে- এমন অভিযোগে রোববার সকাল-সন্ধ্যা হরতালের পর মির্জা ফখরুল ঘোষণা দেন সোমবারও সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত হরতাল চলবে। গত ১৭ এপ্রিল মধ্যরাত থেকে নিখোঁজ সাবেক সাংসদ ইলিয়াস আলী। ওই রাতে মহাখালীর একটি গলিতে তার গাড়ি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। তাকে ‘উদ্ধারে’ র‌্যাব গাজীপুরের পুবাইলে সন্দেহজনক কয়েকটি বাড়িতে অভিযান চালালেও পাওয়া যায়নি এই বিএনপি নেতাকে। ইলিয়াস আলিকে ‘গুমের’ প্রতিবাদে হরতাল ডাকার পর মির্জা ফখরুল বলেছিলেন, তাকে পাওয়া না গেলে প্রয়োজনে ‘লাগাতার’ হরতাল চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/০৯২০ ঘ.