গাজীপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদরের বাইপাস এলাকায় হরতালের দায়িত্ব পালনের সময় লেগুনা উল্টে গিয়ে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আমিনুর রহমান, পুলিশ কনস্টেবল কবির হোসেন, মো. সুরুজ্জামান, মোবারক হোসেন, রফিকুল ইসলাম ও বিজয় সূত্রধর।
আহতদের মধ্যে কনস্টেবল কবির হোসেন ও বিজয় সূত্রধর গাজীপুর সদর হাসপাতলে ভর্তি রয়েছেন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহত এএসআই আমিনুর রহমান জানান, রোববার ভোগড়া বাইপাস মোড় থেকে ধীরাশ্রম রেলগেইট পর্যন্ত এলাকায় তাদের হরতালের ডিউটি ছিল।
সকাল সাড়ে ১১টার দিকে লেগুনাযোগে ভোগড়া মোড় থেকে বাইপাস ধরে ধীরাশ্রমের দিকে কিছুদূর যাওয়ার পথে হঠাৎ করে বিকট শব্দে চলন্ত লেগুনার বাম দিকের পেছনের চাঁকা ফেঁটে যায়। এতে লেগুনাটি উল্টে সড়কের পাশে গাছের সঙ্গে গিয়ে ধাক্কা খায়।
জয়দেবপুর থানার ওসি এসএম কামরুজ্জামান জানান, গাজীপুরের পুলিশ সুপার আব্দুল বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান দুপুরে আহতদের দেখতে হাসপাতালে গিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬৫৯ ঘ.
bdnews24