ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির হরতালের কারণে সোমবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়
তবে পরীক্ষার সময়সূচি অনুযায়ী এদিন কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ছাড়া অন্য কোনো বোর্ডের অধীনে কোনো বিভাগের পরীক্ষা নেই।
সোমবার বিকাল ৫টার দিকে হরতালের কর্মসূচি আসার পর শিক্ষা মন্ত্রণালয় থেকে সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পরীক্ষা স্থগিতের কথা জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে জানানো হয়েছে।
সোমবার কোনো পরীক্ষা না থাকার কথা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে উল্লেখ করা হলে সুবোধ চন্দ্র ঢালী বলেন, “আগামীকাল কোনো পরীক্ষা আছে কি নেই সেটি কথা নয়, সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।”
‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে রোববার হরতাল ডেকেছিল বিএনপি। এতে রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়।
ইলিয়াসের সন্ধান না পাওয়ায় সোমবারও হরতাল ডাকে বিএনপি। এরপরই মন্ত্রণালয় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয়।
একই দাবিতে গত বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় বিএনপি হরতাল ডাকায় ওই বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়।
পরীক্ষার মধ্যে বিরোধী দলের এই হরতালের সমালোচনা করে আসছে সরকার। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু রোববারও এই বিষয়ে কথা বলেন। পরীক্ষার মধ্যে হরতাল না দিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও বিরোধী দলের প্রতি অনুরোধ রেখেছিলেন।
গত ১ এপ্রিল থেকে সারা দেশে চলতি বছরের এইচএসসি পরীক্ষা চলছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/এএল/পিডি/২২২১ ঘ.
bdnews24