২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিহত বদরের পরিবারকে অর্থ সহায়তা

হরতাল সমর্থকদের দেওয়া আগুনে পুড়ে নিহত বাসচালক বদর আলী বেগের পরিবারকে ১০ হাজার টাকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2012, 10:19 AM

Updated : 24 Aug 2022, 11:13 AM

ঢাকা, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হরতাল সমর্থকদের দেওয়া আগুনে পুড়ে নিহত বাসচালক বদর আলী বেগের পরিবারকে ১০ হাজার টাকা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। ফেডারেশনের পক্ষ থেকে রোববার নিহতের ছোট ভাই জাবেদ আলীর কাছে টাকা হস্তান্তর করা হয়। এ ছাড়া বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন ও বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে। ফেডারেশনের কার্যকরী সভাপতি নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত গাড়িচালক বদর আলী বেগের লাশ দেখতে গিয়ে এ সহায়তা দেওয়ার আশ্বাস দেন। এ সময় মন্ত্রী হরতালের নামে ভাঙচুর ও গাড়ি পুড়িয়ে মানুষ হত্যার অপরাজনীতি থেকে বিরত থাকতে বিরোধীদলের প্রতি আহবান জানান। তিনি নিহতের রুহের মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যেদের প্রতি সমবেদনা জানান। শাজাহান খান বলেন, নোংরা রাজনীতির নির্মম বলি হলেন নিরপরাধ বাসচালক বদর আলী। ইস্যুবিহীন হরতালের নামে গাড়ি জ্বালিয়ে ও ভাঙচুর করে ভয়ভীতি দেখিয়ে হরতাল করা যাবে না। বিরোধী দলকে এ ধরনের নেতিবাচক রাজনীতি পরিহার করতে হবে। এ সময় বাংলাদেশ বাস মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্যাহ ও সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উপস্থিত ছিলেন। বিএনপির ডাকে রোববারের হরতালের আগে শনিবার রাজধানীর খিলগাঁওয়ে দুষ্কৃতকারীদের আগুনে বাসের ভিতর ঘুমন্ত অবস্থায় বাসচালক বদর আলী বেগ পুড়ে মারা যান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৬২৩ ঘ.