২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধান মেলেনি ইলিয়াসের

পূবাইলে অভিযান চালিয়ে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন শীর্ষ র‌্যাব কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2012, 03:14 PM

Updated : 24 Aug 2022, 11:13 AM

লিটন হায়দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম অপরাধ বিষয়ক প্রধান প্রতিবেদক ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-পূবাইলে অভিযান চালিয়ে ‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীকে উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন শীর্ষ র‌্যাব কর্মকর্তা। র‌্যাবের মহাপরিচালক মোখলেছুর রহমান শনিবার রাত ৯টায় বলেন, “অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।” তিন ঘণ্টার অভিযানে গাজীপুরের পূবাইলের চারটি বাড়িতে র‌্যাব-পুলিশ তল্লাশি চালায় বলে জানান অভিজাত বাহিনীর মুখপাত্র এম সোহায়েল। ইলিয়াসের স্ত্রী তাহসীনা রুশদীর লুনাও তাদের সঙ্গে ছিলেন। র‌্যাবের গণমাধ্যম ও আইনী শাখার পরিচালক এম সোহায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শনিবার রাত ৮টার দিকে বলেন, “তাহসীনা রুশদীর বিকাল সাড়ে ৪টার দিকে তার বনানীর বাসায় ডেকে নিয়ে আমাদের জানান, ‘এক ব্যক্তি আমাদের জানিয়েছেন আমার স্বামীকে পূবাইলে আটকে রাখা হয়েছে’।” এরপর র‌্যাব ও পুলিশের দল তাকে উদ্ধারে পূবাইলে অভিযানে যায়। স্ত্রীর কথার সূত্র ধরে র‌্যাব এবং পুলিশের একটি যৌথ দল গাজীপুরের পূবাইলের বড়কয়ার এলাকায় একটি দোতালা বাড়িতে অভিযান চালায়। বাড়িটি হাফিজুর রহমান নামে এক ব্যবসায়ীর। তখন একজন কর্মকর্তা জানান, এই বাড়িতে না পাওয়ার পর র‌্যাব এবং পুলিশ ওই এলাকার বিভিন্ন বাড়িতে অভিযান চালাচ্ছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সাংসদ ইলিয়াসের ব্যক্তিগত গাড়ি গত মঙ্গলবার রাত দেড়টার দিকে তার বনানীর বাসার কাছে আমতলীতে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ। গাড়িতে পাওয়া একটি মোবাইল ফোনের মাধ্যমে পুলিশ নিশ্চিত হয় গাড়িটি ইলিয়াস আলীর। ওই সময় গাড়িচালক আনসারকেও পাওয়া যায়নি। এর পরদিন (বুধবার) তার স্বামী ইলিয়াস ‘নিখোঁজ’ হয়েছেন দাবি করে তার স্ত্রী তাহসীনা রুশদীর লুনা স্বেোমীক ফেরত চেয়ে হাই কোর্টে রিট আবেদন করেন। বিএনপি ইতিমধ্যে তাদের নেতা ‘নিখোঁজের’ ঘটনায় সরকারকে দায়ী করলেও সরকার তা অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/পিডি/২১১০ ঘ.