ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাতারে বিনিয়োগ সম্মেলনে টেকসই বিনিয়োগের জন্য আট দফা প্রস্তাব উপস্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ব্যবসা ও বিনিয়োগ সম্পর্ক পরিবর্তনে বিশ্বব্যাপী ঐক্য গড়ে তোলারও আহ্বান জানিয়েছেন তিনি।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক ত্রয়োদশ সম্মেলনে (১৩তম আঙ্কটাড) বৃহস্পতিবার উপস্থাপিত প্রস্তাবে খাদ্য ও কৃষি পণ্যমূল্যের অস্থিতিশীলতার ঝুঁকি নিয়ন্ত্রণে কৃষিখাতে ব্যাপক সরকারি ও বেসরকারি বিনিয়োগ এবং উন্নয়নশীল দেশগুলোতে অবকাঠামো খাতে বিনিয়োগে বাধা অপসারণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
কাতার জাতীয় সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত এই সম্মেলনে বক্তৃতায় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক উৎপাদনের ‘নন-ইকুইটি’ পদ্ধতির অনিয়ন্ত্রিত চাহিদা নিয়ন্ত্রণ, উন্নয়নশীল দেশগুলোর নিজেদের স্বার্থে বিকাশমান চাহিদার সংস্থান, পুঁজি প্রবাহে স্থিতিশীলতা ও পরিবর্তনশীল কর্পোরেশন নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় মালিকানাধীন শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলায় রক্ষণশীল মনোভাব পরিহারের প্রস্তাব দেন।
উন্নয়নশীল দেশগুলোতে সরাসরি বিদেশি বিনিয়োগে সহায়তা করতে উন্নত দেশগুলোকে সুষম রাজনৈতিক বিশ্বাস ও সঠিক পদক্ষেপ গ্রহণ, বিশ্ব বাণিজ্য সংস্থার রূপরেখার আওতায় ভর্তুকির মাত্রা নিয়ন্ত্রণে উন্নততর আন্তর্জাতিক সমন্বয় সাধন এবং শ্রমঘন ও উৎপাদন বৃদ্ধিমূলক বিনিয়োগের মধ্যে ভারসাম্য বজায় রাখার পরামর্শ দেন শেখ হাসিনা।
জলবায়ু পরিবর্তনের প্রভাবের প্রেক্ষিতে স্বল্প মাত্রার কার্বন উন্নয়ন ও নতুন নতুন সেবার জরুরি প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি শিল্প সম্পর্ক পরিবর্তনের আহ্বান জানান।
আন্তর্জাতিক ব্যবসায়ী স¤প্রদায়ের প্রতি বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশের ঘোষিত অর্থনৈতিক সুযোগ-সুবিধার পাশাপাশি অত্যন্ত উদার ও আকর্ষণীয় বিনিয়োগ নীতির সুযোগ গ্রহণের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আপনাদের বিনিয়োগ ওই বিনিয়োগের নিশ্চিত লাভজনক প্রাপ্তির পাশাপাশি আমাদের টেকসই উন্নয়নের পথে অগ্রসর, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ও উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হবে।”
শেখ হাসিনা বলেন, অপর্যাপ্ত অবকাঠামো ও জ্বালানি সংকটের কারণে বাংলাদেশের উন্নয়নের গতি বাধাগ্রস্ত হচ্ছে।
“কাজেই আমরা মহাসড়ক, বহুমুখী সেতু, বিদ্যুৎ কেন্দ্র, বিমানবন্দর ও সমুদ্রবন্দর নির্মাণে সরকারি-বেসরকারি অংশিদারিত্বকে (পিপিপি) উৎসাহিত করছি।”
তিনি বলেন, দক্ষিণ ও দক্ষিণ এশিয়ার মাঝামাঝি এবং চীনের কাছাকাছি এক গুরুত্বপূর্ণ জায়গায় বাংলাদেশের অবস্থান হওয়ায় সড়ক, রেলওয়ে ও নৌপথে চমৎকার আঞ্চলিক যোগাযোগ গড়ে তুলতে এবং এ অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্রবিন্দু হিসেবে আবির্ভূত হতে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
শেখ হাসিনা বলেন, “আমাদের প্রায় ১৬ কোটি লোকের স্থানীয় বাজার এবং ৩শ’ কোটি লোকের আঞ্চলিক বাজার রয়েছে। এখানে জনসাধারণের ক্রয়ক্ষমতা বাড়ছে এবং বৃদ্ধি পাচ্ছে পণ্যের ব্যবহারও।”
বাংলাদেশের ব্যবসা খাত এখন নতুন উদ্যোক্তা, দক্ষ ব্যবস্থাপক ও স্বল্প বেতনের দক্ষ শ্রমিকে পূর্ণ বলে উল্লেখ করেন তিনি।
শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন কাতারের উপ-প্রধানমন্ত্রী ও কেবিনেট বিষয়কমন্ত্রী আহমেদ বিন আব্দুল্লাহ আল-মাহমুদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃব্য দেন আঙ্কটাড মহাসচিব সুপাচাই পানিচপাকদি এবং ফিনল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট টারজা কারিনা হলোনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৯৫২ ঘ.
bdnews24