কুমিল্লা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা শহরে এক বিদ্যালয়ের দুই শিক্ষককে এসিড মেরেছে দুর্বৃত্তরা।
শনিবার দুপুরে এ হামলায় আহতরা হলেন আওয়ার লেডি অব ফাতিমা গার্লস হাই স্কুলের বিজ্ঞান শিক্ষক আবু তাহের মোল্লা (২৮) এবং ইংরেজি শিক্ষক জসিম উদ্দিন (৩২)।
আবু তাহেরের বাড়ি ব্রাক্ষণবাড়িয়ার কসবা এবং জসিম উদ্দিনের বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিয়ে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষকরা জানান, স্কুলে পরীক্ষা শেষে তারা রিকশায় নগরীর চৌধুরীপাড়ার বাসায় ফিরছিলেন। চৌধুরীপাড়া টেলিগ্রাফ কার্যালয়ের সামনে এলে একটি মোটরসাইকেলে আসা দুই যুবক মোটা সিরিঞ্জ থেকে তাদের মুখে এসিড নিক্ষেপ করে চলে যায়।
তারা বলেন, সঙ্গে সঙ্গে তারা পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। এডিসে তাদের মুখ ও চোখ ক্ষতিগ্রস্থ হয়েছে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জাহাঙ্গীর আলম জানান, জসিমের বাম চোখসহ মুখের বামপাশ আক্রান্ত হয়েছে। তিনি বাম চোখে ঝাপসা দেখছেন বলে জানান। তাহেরের মুখ আক্রান্ত হলেও চোখের ক্ষতি হয়নি।
কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন জানান, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। এসিড সন্ত্রাসের শিকার দুই শিক্ষক ঘটনার কারণ সম্পর্কে কিছুই বলতে পারছেন না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24