ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুক সংক্রান্ত মামলাগুলোর ৯০ শতাংশই ‘সঠিক নয়’ বলে মন্তব্য করেছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।
শনিবার বিচার প্রশাসন ইনস্টিটিউটে নারীর প্রতি সহিংসতা বিষয়ে এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, নারী নির্যাতন প্রতিরোধে আইন হয়েছে ১৯৯৫ সালে। ২০০০ সালে তা সংশোধন করে দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি জামিনের সুযোগ সীমিত করা হয়েছে।
“আইনের এ সুযোগের ফলে মিথ্যা মামলা করার প্রবণতা দেখা দিয়েছে। আমার অভিজ্ঞতায় দেখেছি, যৌতুকের ক্ষেত্রে শতকরা ৯০ ভাগ মামলাই সঠিক নয়।”
সংসারে ‘অশান্তি’ থেকে বা কখনো কখনো ‘অন্যের প্ররোচনায়’ এ ধরনের মামলা করা হয় উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, “হয়তো মামলার পেছনে একটি ঘটনা থাকে। তবে তা এজাহারে বর্ণিত ঘটনার মতো নয়।”
“এছাড়াও মনে করেন, ভালোবাসার টানে একটি মেয়ে পালিয়ে গেল। তখন ছেলের মা-বাবার নামেও মামলা দেওয়া হয়। বাংলাদেশে এখনও সেই সময় আসেনি যে, ছেলে মেয়েরা পালিয়ে যাওয়ার ক্ষেত্রে পিতা-মাতা সহায়তা করবে”, বলেন তিনি।
একটু সচেতন হলেই ‘উত্তেজনার বশে’ এভাবে মামলা দায়ের না করে বহু সংসার রক্ষা করা যায় বলেও তিনি মন্তব্য করেন।
এ ধরনের সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদেরও সতর্ক হওয়ার আহ্বান জানান আইন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “আপনারা সঠিকভাবে খবর পরিবেশন করবেন। অনেক সময় একটি ভুল নিউজের কারণে একটি সংসার ভেঙে যায়। একজন নারী নির্যাতিত হলে অনেক সময় মিডিয়া এটাকে এমনভাবে সামনে আনে যে, তিনি আর সমাজের কাছে মুখ দেখাতে পারেন না।”
সংবাদপত্রে খবর প্রকাশ নিয়ে বিচারকদেরও ‘চিন্তায়’ থাকতে হয় মন্তব্য করে কামরুল ইসলাম বলেন, “আপনারা সমাজের দর্পণ। নিউজ পরিবেশনের ক্ষেত্রে আপনারা সতর্ক না হওয়ায় অনেক ক্ষতি হচ্ছে। এমনকি বিচারকও অনেক সময় যথাযথভাবে তাদের বিচারিক মন প্রয়োগ করতে পারেন না। তাকে চিন্তায় থাকতে হয়, কখন পত্রিকা কীভাবে রিপোর্ট করে দেয়।”
জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, সহকারী জেলা জজ, ম্যাজিস্ট্রেট এবং সম মর্যাদার কর্মকর্তা দিনব্যাপী এই কর্মশালায় অংশ নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৬০১ ঘ.
bdnews24