গাজীপুর, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার সকালে উপজেলার মুরাদপুর ভান্নারা এলাকায় হাজী নুরুল ইসলাম স্পিনিং মিলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানায় মিল কর্তৃপক্ষ ও ফায়ার ব্রিগেড।
কারখানার নির্বাহী পরিচালক অবসরপ্রাপ্ত মেজর শেখ রফিকুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কারখানার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে এবং নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
কারখানায় থাকা বিপুল পরিমাণ তুলা ও মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে বলে জানান তিনি।
গাজীপুর ফায়ার ব্রিগেডের স্টেশন কর্মকর্তা আবু জাফর আহমেদ জানান, শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।
কালিয়াকৈর, গাজীপুর ও সাভার ইপিজেডের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে দুপুর দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি বলে জানান আবু জাফর আহমেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭০০ ঘ.
bdnews24