ঢাকা, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলের হরতালের কারণে রোববার দেশের সব শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আন্তঃবোর্ড সমন্বয় কমিটি শনিবার এ সিদ্ধান্ত নেয় বলে শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয় “বিএনপির হরতালের কারণে সব শিক্ষা বোর্ডের রোববারের সকল পরীক্ষা স্থগিত করা হলো।”
সরকারের আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীকে ‘গুম’ করেছে- এমন অভিযোগে রোববার সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে দলটি।
একই অভিযোগে বিএনপি গত বৃহস্পতিবার সিলেট বিভাগের চার জেলায় হরতাল করলে ওইদিনও সিলেট বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা এবং কারিগরি শিক্ষা বোর্ডের সারা দেশের পরীক্ষা স্থগিত করা হয়।
মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র, সমরবিদ্যা (তত্ত্বীয়) প্রথম পত্র, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়) প্রথম পত্র, পরিসংখ্যান (তত্ত্বীয়) প্রথম পত্র, সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (রসায়ন), সাধারণ বিজ্ঞান এবং খাদ্য ও পুষ্টি বিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র (জীববিজ্ঞান) ও ক্রীড়া (তত্ত্বীয়) প্রথত পত্র বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল। এ পরীক্ষাগুলো হবে আগামী ২২ মে।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে রোববার আল ফিকহ (২য় পত্র), জীববিজ্ঞান (২য় পত্র) ও উচ্চতর গণিত (২য় পত্র) বিষয়ে পরীক্ষা হওয়ার কথা ছিল। এসব পরীক্ষা ৯ মে হবে।
এছাড়া রোববারের হরতালের কারণে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি (বিএম) দ্বাদশ শ্রেণীর ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম, একাদশ/পরিপূরক শ্রেণীর কম্পিউটার প্রোগ্রামিং কনসেপ্ট; এইচএসসি (ভোকেশনাল) দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান-২; ডিপ্লোমা ইন কমার্সে একাদশ/পরিপূরক শ্রেণীর প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং; এবং ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং-এর টেক্সটাইল ক্যালকুলেশন (৬ষ্ঠ পর্ব), টেক্সটাইল ক্যালকুলেশন (৬ষ্ঠ পর্ব) জুট, বিজনেস কমিউনিকেশন (৭ম পর্ব) (জুট ও টেক্স) বিষয়ের পরীক্ষাও স্থগিত হয়ে গেছে। আগামী ২ মে এসব বিষয়ের পরীক্ষা হবে।
আর সোমবার থেকে পরবর্তী পরীক্ষাগুলো আগের সময়সূচি অনুযায়ী চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
গত ১ এপ্রিল থেকে সারা দেশে চলতি বছরের এইচএসসি পরীক্ষা চলছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ লাখ ২৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/জেকে/১২৪০ ঘ.
bdnews24