২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেট্রোল পাম্পে ধর্মঘট স্থগিতের ঘোষণা

তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 01:42 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট স্থগিত করেছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। রোববার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচি স্থগিতের ঘোষণা দেওয়া হয়। এই ধর্মঘট হলে সারাদেশে প্রায় ৯ হাজার পেট্রোল পাম্প এবং ট্যাংক লরির মাধ্যমে তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে যেত। তবে সিএনজি স্টেশনগুলো ধর্মঘটের আওতামুক্ত ছিল। সরকারের কোনো আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করেছেন কি না- জানতে চাইলে ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাপের কারণে কর্মসূচি আপাতত স্থগিত করা হয়েছে।” বিভিন্ন গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ধর্মঘট স্থগিতের চাপ দেওয়া হচ্ছিল বলে ইঙ্গিত করেন তিনি। ঐক্য পরিষদ গত ৩১ মার্চ সংবাদ সম্মেলন করে তাদের দাবি পূরণে সরকারকে ২১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দেয়। কিন্তু এর মধ্যে কোনো পদক্ষেপ না দেখে ধর্মঘটের ঘোষণা দিয়েছিল তারা। পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল বলেন, তেল বিক্রির কমিশন বৃদ্ধির জন্য পরিষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আট মাস আগে সরকারের গঠিত একটি কমিটি ডিজেলে তিন দশমিক চার শতাংশ এবং পেট্রোল ও অকটেনে চার শতাংশ করে কমিশন দেওয়ার সুপারিশ করে। “অথচ সে সিদ্ধান্ত বাস্তবায়ন না করে গত ২৬ জানুয়ারি আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই ডিজেলে দুই দশমিক ৪৫ শতাংশ এবং পেট্রোলে তিন দশমিক ২৭ শতাংশ ও অকটেনে তিন দশমিক তিন শতাংশ করে কমিশন নির্ধারণ করে দেয় সরকার। এটা গ্রহণযোগ্য নয় বলে সরকারকে জানিয়ে দিয়েছি।” সরকার গত কয়েক মাসে দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ালেও পাম্প মালিকদের কমিশন না বাড়ানোয় মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেও অনুযোগ করেন নাজমুল। ঐক্য পরিষদের অন্য দাবিগুলো হলো- পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, ট্যাংক লরির চালকদের জন্য পাঁচ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু এবং ট্যাংক লরি টার্মিনাল নেই এমন ডিপোগুলোতে টার্মিনাল স্থাপন। এর আগে ২০১০ সালের মে মাসেও এসব দাবিতে ধর্মঘট শুরু করে ঐক্য পরিষদ। তবে সরকারের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করে। এরপর গত বছর ১৭ মে এক সংবাদ সম্মেলনে ২২ মে থেকে ফের ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয় ঐক্য পরিষদ। সরকারের পক্ষ থেকে কিছু দাবি মেনে নেওয়ার লিখিত অঙ্গীকার পাওয়ায় ওই ধর্মঘটও প্রত্যাহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এআরআর/এমআই/২০৪০ ঘ.