চট্টগ্রাম, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানা এলাকায় একটি নির্মাণাধীন ভবনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে অজ্ঞাতপরিচয় যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানিয়েছে পুলিশ।
ডবলমুরিং থানার ওসি আবুল কালাম আজাদ জানান, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ডবলমুরিং থানার মোগলটুলি এলাকার দাম্মাপুকুর পূর্ব পাড়ের নির্মাণাধীন ভবন থেকে লাশটি উদ্ধার করা হয়।
ভবনটির মালিক চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম।
ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সকালে ওই ভবনের রিজার্ভ ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ পেয়ে মালিক পক্ষ থেকে থানায় অবহিত করা হয়। দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে চার-পাঁচদিন আগে অন্য কোথাও খুন করে তাকে ওই ট্যাঙ্কে এনে ফেলে রাখা হয়েছে।
তিনি জানান, মৃতদেহ গলে যাওয়ায় শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে কি না তা প্রাথমিকভাবে বোঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওসি আবুল কালাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/কিউএইচ/এএল/১৯০৩ ঘ.
bdnews24