ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাচ্ছে পেট্রোল পাম্প ও ট্যাংক লরি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রোববার সকাল ৬টা থেকে এই ধর্মঘট শুরু হলে সারাদেশে প্রায় ৯ হাজার পেট্রোল পাম্প এবং ট্যাংক লরির মাধ্যমে তেল সরবরাহ কার্যত বন্ধ হয়ে যাবে। অবশ্য সিএনজি স্টেশনগুলো ধর্মঘটের আওতামুক্ত থাকবে।
ঐক্য পরিষদের আহ্বায়ক মো. নাজমুল হক শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত ৩১ মার্চ সংবাদ সম্মেলন করে আমরা দাবি পূরণের জন্য ২১ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলাম। কিন্তু আজও সরকার কোনো পদক্ষেপ না নেওয়ায় ধর্মঘটে যেতে বাধ্য হচ্ছি আমরা।”
নাজমুল পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনেরও সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি জানান, তেল বিক্রির কমিশন বৃদ্ধির জন্য পরিষদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে আট মাস আগে সরকারের গঠিত একটি কমিটি ডিজেলে তিন দশমিক চার শতাংশ এবং পেট্রোল ও অকটেনে চার শতাংশ করে কমিশন দেওয়ার সুপারিশ করে।
“অথচ সে সিদ্ধান্ত বাস্তবায়ন না করে গত ২৬ জানুয়ারি আমাদের সঙ্গে আলোচনা ছাড়াই ডিজেলে দুই দশমিক ৪৫ শতাংশ এবং পেট্রোলে তিন দশমিক ২৭ শতাংশ ও অকটেনে তিন দশমিক তিন শতাংশ করে কমিশন নির্ধারণ করে দেয় সরকার। এটা গ্রহণযোগ্য নয় বলে সরকারকে জানিয়ে দিয়েছি।”
সরকার গত কয়েক মাসে দফায় দফায় জ্বালানি তেলের দাম বাড়ালেও পাম্প মালিকদের কমিশন বাড়ানো হচ্ছে না- এমন মন্তব্য করে নাজমুল বলেন, “এতে মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, শ্রমিকরা কষ্টে আছেন।”
সর্বশেষ গত বছরের ২৯ ডিসেম্বর জ্বালানির তেলের দাম বাড়ানো হয়। সে অনুযায়ী প্রতি লিটার ডিজেল ৬১ টাকা, কেরোসিন ৬১ টাকা, পেট্রোল ৯১ টাকা, অকটেন ৯৪ টাকা ও ফার্নেস অয়েল ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ঐক্য পরিষদের অন্য দাবিগুলো হলো- পেট্রোল পাম্প স্থাপনে নীতিমালা প্রণয়ন, ট্যাংক লরির ভাড়া বৃদ্ধি, ট্যাংক লরির চালকদের জন্য পাঁচ লাখ টাকার দুর্ঘটনা বীমা চালু এবং ট্যাংক লরি টার্মিনাল নেই এমন ডিপোগুলোতে টার্মিনাল স্থাপন।
এর আগে ২০১০ সালের মে মাসেও এসব দাবিতে ধর্মঘট শুরু করে ঐক্য পরিষদ। তবে প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং জ্বালানি প্রতিমন্ত্রী মো. এনামুল হকের আশ্বাস পেয়ে ধর্মঘট স্থগিত করা হয়।
এরপর গত বছর ১৭ মে এক সংবাদ সম্মেলনে ২২ মে থেকে ফের ধর্মঘট কর্মসূচির ঘোষণা দেয় ঐক্য পরিষদ। সরকারের পক্ষ থেকে কিছু দাবি মেনে নেওয়ার লিখিত অঙ্গীকার পাওয়ায় ওই ধর্মঘটও প্রত্যাহার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/জেকে/১৮০৭ ঘ.
bdnews24