২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আঙ্কটাডে যোগ দিতে কাতারের পথে প্রধানমন্ত্রী

জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে (আঙ্কটাড) যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2012, 03:31 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে (আঙ্কটাড) যোগ দিতে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহার উদ্দেশ্যে রওনা হন প্রধানমন্ত্রী। সেখানকার স্থানীয় সময় সকাল সাড়ে ১১টায় তার দোহায় পৌঁছনোর কথা। এই শহরেই ২১ থেকে ২৬ এপ্রিল অনুষ্ঠিত হবে ত্রয়োদশ আঙ্কটাড সম্মেলন। কাতার সফরে ৬১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী জি এম কাদের, পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী এবং সাংসদ ইমরান আহমেদ, নিলুফার জাফর উল্লাহ, এ বি এম আবুল কাসেম ও তহুরা আলী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়েছেন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, পর্যটনমন্ত্রী ফারুক খান, বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী, মন্ত্রিপরিষদ সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, তিন বাহিনীর প্রধান ও উচ্চ পদস্থ কর্মকর্তরা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা দোহায় ফোর সিজনস্ হোটেলে থাকবেন। শুক্রবার সন্ধ্যায় বিশ্ব বিনিয়োগ ফোরামের উদ্বোধনী অনুষ্ঠান এবং নৈশ ভোজে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে বিশ্ব বিনিয়োগ সম্মেলনে বক্তব্য দেওয়ার পাশাপাশি তিনি প্রশ্নোত্তর পর্বেও অংশ নেবেন। বিকালে কাতারের জাতীয় সম্মেলন কেন্দ্রে আঙ্কাটাড সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রোববার সাক্ষাত করার কথা রয়েছে শেখ হাসিনার। সেদিনই দোহায় ‘বাংলাদেশ মাশহুর-উল-হক মেমোরিয়াল স্কুল ও কলেজ পরিদর্শন এবং কাতার প্রবাসী বাংলাদেশীদের সংবর্ধনায় যোগ দেবেন তিনি। এছাড়া সোমবার দোহায় ‘উন্নয়নে নারী’ বিষয়ক এক অনুষ্ঠানে বক্তব্য দেবেন। কাতার সফর শেষে আগামী ২৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/০৯২৫ ঘ.