২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ট্রান্সকমের ‘মেয়াদোত্তীর্ণ’ পণ্য

বরিশালে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে স্কুলে শিশুদের মাঝে ‘মেয়াদোত্তীর্ণ’ গ্লুকোন-ডি ও কমপ্ল্যান বিতরণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবক ও শিশুরা প্রতিষ্ঠানটির একটি কভার্ড ভ্যান ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 02:16 PM

Updated : 24 Aug 2022, 11:12 AM

বরিশাল, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিরুদ্ধে স্কুলে শিশুদের মাঝে ‘মেয়াদোত্তীর্ণ’ গ্লুকোন-ডি ও কমপ্ল্যান বিতরণের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ অভিভাবক ও শিশুরা প্রতিষ্ঠানটির একটি কভার্ড ভ্যান ভাঙচুর করেছে। বৃহস্পতিবার সকালে বরিশাল নগরীর বগুড়া রোডের মল্লিকা কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে। শিক্ষক ও অভিভাবকরা মেয়াদোত্তীর্ণ বলে দাবি করলেও ট্রান্সকম বলছে, প্রতিটি পণ্যের আরো এক মাস ১২ দিন মেয়াদ রয়েছে। ইফসিতা আরিফা নামে এক অভিভাবক সাংবাদিকদের জানান, সকালে সাড়ে ১০টার দিকে ট্রান্সকমের লোকজন একটি কভার্ড ভ্যানে করে ওই স্কুলে গ্লুকোন-ডি ও কমপ্ল্যান নিয়ে আসে। প্রথমে তারা ৪৫ টাকা মূল্যের একটি করে গ্লুকোন-ডি’র মিনিপ্যাক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করে। “পরে একশত টাকার বিনিময়ে ৪টি করে মিনিপ্যাক বিক্রি করা শুরু করলে আমরা দেখতে পাই বিতরণ করা পণ্যগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে,” যোগ করেন তিনি। এরপর কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষিকা এসে বিক্রি বন্ধ করে দেন। স্কুলের আয়া আরতি জানান, তিন ব্যক্তি এসে তাদের জানায় শিশুদের মাঝে গ্লুকোন-ডি বিনামূল্যে বিতরণ করা হবে। এ বিষয়ে প্রধান শিক্ষিকার কাছ থেকে অনুমতি নেওয়া হয়েছে বলেও তারা জানায়। তাদের কথা অনুযায়ী স্কুলের ফটক খুলে দেওয়া হয়। কিছুক্ষণ পর মেয়াদোত্তীর্ণ পণ্যের বিষয়টি ধরা পড়লে শোরগোল শুরু হয়। পরে বিক্ষুব্ধরা তাদের গাড়ি ভাঙচুর করে বলেও জানান তিনি। প্রধান শিক্ষিকা শাহেদা আক্তার জানান, অভিভাবকদের সঙ্গে আলোচনা করার কথা বলে ট্রান্সকমের কর্তকর্তারা মৌখিকভাবে অনুমতি নিয়েছিল। ক্যাম্পাসে গাড়ি নিয়ে পণ্য বিক্রি করার কথা ছিল না। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে তাদের স্কুল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয়েছে। মেয়াদোত্তীর্ণের বিষয়ে জানতে চাওয়া হলে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বরিশাল শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মেরাজুর রহমান বলেন, প্রতিটি পণ্যের এক মাস ১২ দিন মেয়াদ রয়েছে। তার পরও প্রধান শিক্ষিকা অভিযোগ দেওয়ায় সঙ্গে সঙ্গে টাকা ফেরত দিয়ে বিক্রি করা পণ্য ফিরিয়ে নেওয়া হয়েছে। তার অভিযোগ, এরপরও তাদের গাড়ি ভাঙচুর ও চালককে মারধর করা হয়েছে। কোতোয়ালি মডেল থানার এসআই গোলাম কবির বলেন, ওই কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে। ২০০৫ সালে বাংলাদেশে শিশুখাদ্য কমপ্ল্যান বাজারজাত শুরু করে ট্রান্সকম ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তবে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠানের তৈরি গ্লুকোন-ডি বাংলাদেশে বাজারজাত শুরু হয় ২০১১ সালে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এএল/২০১৬ ঘ.