২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিয়াস ‘গুম’: হরতালে সংঘর্ষ মৌলভীবাজারে

স্থানীয় বিএনপির ডাকে এই হরতালের কারণে সিলেট শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2012, 03:48 AM

Updated : 24 Aug 2022, 11:12 AM

ঢাকা, এপ্রিল ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ‘নিখোঁজ’ বিএনপি নেতা এম ইলিয়াস আলীকে দ্রুত খুঁজে বের করার দাবিতে হরতালে সংঘর্ষ হয়েছে মৌলভীবাজারে। হবিগঞ্জে কয়েকটি গাড়ি ভাংচুর হলেও সিলেট ও সুনামগঞ্জে বড় ধরনের গোলযোগ ছাড়াই শেষ হয়েছে হরতাল। স্থানীয় বিএনপির ডাকে এই হরতালের কারণে সিলেট শিক্ষা বোর্ডের বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা ও কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা স্থগিত করা হয়েছে। হরতাল চলাকালে আওয়ামী লীগ-বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। হবিগঞ্জের বানিয়াচংয়ে এবং মৌলভীবাজার সদরে পিকেটাররা বিচ্ছিন্নভাবে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এছাড়া বড় ধরনের কোনো গোলযোগের খবর পাওয়া যায়নি। হরতাল চলাকালে শহর এলাকায় কিছু রিকশা ও অটোরিকশা চলতে দেখা গেলেও ভারী যানবাহন চলাচল বন্ধ ছিলো। জেলা শহর থেকে দিনের বেলা দূরপাল্লার কোনো বাস ছাড়েনি, তবে ট্রেন চলাচল ছিল স্বাভাবিক। হরতালের কারণে অধিকাংশ এলাকায় রাস্তাাঘাট ছিল ফাঁকা। বেশিরভাগ দোকানপাটও বন্ধ দেখা যায়। সরকারি অফিস খোলা থাকলেও লোকজনের উপস্থিতি ছিলো কম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো খবর- সিলেট: সকাল সাড়ে ৭টা থেকে বিভিন্ন অলিগলিতে বিএনপি নেতা-কর্মীদের পিকেটিংয়ে দেখা যায়। তবে শহরের মূল পয়েন্টগুলোতে তৎপরতা চোখে পড়েনি। আম্বরখানা, চৌহাট্টা, কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার, সিটি পয়েন্টসহ নগরীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ভোর থেকে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার আব্দুল্লাহ আল আজাদ চৌধুরী বলেন, “সব কিছু ছিল শান্তিপূর্ণ। কোথাও বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।” দুপুরে কোর্ট পয়েন্টে সমাবেশ করে সিলেট বিএনপি জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। এর আগে সকাল ১০টা থেকে বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা যোগ দেন সমাবেশে। এর আগে পৌনে ৮টার দিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হকের নেতৃত্বে নগরীতে একটি মৌন মিছিল বের হয়। হরতালের শেষপর্যায়ে বিকালে ৪টায় কোর্ট পয়েন্টে আবার সমাবেশ করে বিএনপি। সেখানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহসভাপতি দিলদার হোসেন সেলিম, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, কেন্দ্রীয় বিএনপির সদস্য আরিফুল হক চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি এম এ হক, সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকি, সহ সাধারণ সম্পাদক আজমলবক্ত সাদেক। ইলিয়াস আলীর সন্ধান না পাওয়া গেলে সিলেট বিভাগে অনির্দিষ্টকালের হরতাল দেওয়া হবে বলে সমাবেশে হুমকি দেওয়া হয়। এদিকে সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াসের নির্বাচনী এলাকা বিশ্বনাথে দুপুরে কয়েক হাজার লোকের বিক্ষোভ মিছিল হয়। এর মধ্যে অনেকে কাফনের কাপড় পরে মিছিলে অংশ নেন। মৌলভীবাজার: বড়লেখায় বিএনপি ও আওয়ামী লীগের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হওয়ার পর সেখানে ১৪৪ ধারা জারি করা হয়। বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ মোহাম্মদ আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার পর পৌর এলাকায় দুপুর ২টা থেকে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তা রয়েছেন। তিন জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান থানার ওসি মো. কামরুল ইসলাম। সদর থানার ওসি আবু জাফর মোহাম্মদ সালেহ জানান, জেলায় সব স্থানেই শান্তিপূর্ণ হরতাল হয়েছে। অল্পকিছু রিকশা চলেছে। তবে বাস চলাচল বন্ধ ছিল। স্থানীয় সাংবাদিকরা জানায়, দুপুর ১২টার দিকে পিকেটাররা সদরের পশ্চিমবাজার এলাকায় একটি ট্রাক ও একটি সিএনজিচালিত অটোরিকশা ভাংচুর করে। হবিগঞ্জ: জেলার সব জায়গায় শান্তিপূর্ণ হরতাল হলেও বানিয়াচং উপজেলায় পিকেটাররা কয়েকটি গাড়ি ভাংচুর করেছে বলে জানিয়েছেন সেখানকার থানার ওসি নির্মল চক্রবর্তী। তিনি জানান, দুপুর ১টার দিকে পিকেটাররা প্রায় ১৫টি যানবাহন ভাংচুর করে। এসময় সরকার সমর্থক পরিবহন শ্রমিকদের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় ঘটে। এতে প্রায় ১০ জন আহত হয়। সুনামগঞ্জ: জেলা বিএনপির সভাপতি ফজুলল হক আসপিয়া জানান, নেতাকর্মীরা জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় পিকেটিং করেছে। তাদের কোনো নেতাকর্মী আটক হয়নি। সুনামগঞ্জ সদর থানার ওসি আবদুল আউয়াল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরের গুরুত্বপুর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৪১ ঘ.