২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতোয়াবাজরা ভেঙেছে প্রতিবন্ধীর কবর

ইট দিয়ে বাঁধানো নাজায়েজ ফতোয়া দিয়ে সোমবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় একটি কবর ভেঙে ফেলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 04:36 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ইসরাইল হোসেন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম সিরাজগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইট দিয়ে বাঁধানো নাজায়েজ ফতোয়া দিয়ে সোমবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় একটি কবর ভেঙে ফেলা হয়েছে। উমারপুর ইউনিয়নের চৌবাড়িয়া শিকদার পাড়া গ্রামের এ ঘটনায় মঙ্গলবার জেলার বিচার বিভাগীয় হাকিমের আদালতে চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামিরা হলেন মাওলানা মাহবুবুল ইসলাম, আনিসুর রহমান শিকদার, হাসান আলী ও মিলন শিকদার। মামলা নথি থেকে জানা যায়, ২০১০ সালের ২৫ ডিসেম্বর অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক আব্দুল বাতেনের প্রতিবন্ধী মেয়ে স্মৃতির (১৭) মৃত্যু হয়। ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ওইরাতেই পয়লা (চৌবাড়িয়া) কবরস্থানে তাকে দাফন করা হয়। এবছরের জানুয়ারিতে কবরস্থান কমিটির অনুমতি নিয়ে কবরটির চারদিকে ইটের দেয়াল নির্মাণ করে তার পরিবার। গত সোমবার শিকদার পাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা মাহবুবুল ইসলাম ফতোয়া দেন, কবরে ইট দিয়ে দেওয়াল দেওয়া নাজায়েজ। যে এ কাজ করবে তাকে সমাজচ্যুত করা হবে। তার কোনো আত্বীয়-স্বজনের লাশের জানাজায়ও অংশ নেওয়া যাবে না। এছাড়া ওই কবরস্থানে কাউকে লাশ দাফন করতেও দেওয়া হবে না। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় প্রভাবশালী আনিছুর রহমান, তার আত্বীয়-স্বজন এবং বেশকিছু মাদ্রাসা ছাত্র। মাওলানা মাহবুবুল ইসলামের ফতোয়া শোনার পর মাদ্রাসা ছাত্ররা কবরের মাটি খুঁড়ে ইটের দেওয়াল ভেঙ্গে ফেলে। এ মামলার আসামি ওই কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি আনিসুর রহমান শিকদার ফতোয়াদানকারীকে নিজের ভাতিজা এবং ফতোয়ার কথা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাঙা লাগবে তাই ভেঙেছি। ফতোয়া কোনো ব্যাপার না।” তার উপস্থিতিতেই কবর ভাঙার কথা স্বীকার করে তিনি দাবি করেন, কবরটি যখন বাঁধানো হচ্ছিল তখনই তারা বাধা দিয়েছেন। তখন স্মৃতির পরিবারের লোকজন প্রতিশ্র“তি দিয়েছিল কবরস্থান সংস্কারের সময় কবরটি ভেঙে ফেলবে। এ বিষয়ে স্মৃতির ভাই বাকুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোশফেকুর রহমান নেওয়াজ (মুছা) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে স্থানীয় মাতব্বর আব্দুল কাদের মোল্লাকে নিয়ে কবরস্থানের কাছে গিয়ে তার বোনের কবর না ভাঙার অনুরোধ করেন। ওই সময় মাহবুবুল তাকে বলেন- ‘ভালো চাওতো এখান থেকে চলে যাও। তোমাকে না আগেই বলেছিলাম কবরে দেওয়াল দেয়া যাবে না। এটা নাজায়েজ?’ মোশফেকুর রহমান নেওয়াজ আরো বলেন, “অনুরোধ করতে থাকলে আমাকে ধাক্কা দিতে দিতে ঘটনাস্থল থেকে তাড়িয়ে দেয় তারা।” উমারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য আবু দাউদ মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহবুবুল ইসলামের উপস্থিতিতে স্মৃতি’র বাঁধানো কবরটি ভেঙে ফেলা হয়েছে।” আদালতের পেশকার আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হক অভিযোগটি এফআইআর হিসেবে গণ্য করে চৌহালী থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজা খাতুন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার গাজী নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ধর্মের অপব্যাখ্যাকালীদের শাস্তি হওয়া উচিৎ। এ বিষয়ে ফতোয়াদানকারী শিকদার পাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নেতা মাওলানা মাহবুবুল ইসলামের মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করে ফোনটি বন্ধ পাওয়া গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২২২৮ ঘ.