চট্টগ্রাম, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দশ ট্রাক অস্ত্র চোলাচালান মামলায় মঙ্গলবার সাক্ষ্য দিয়েছেন তদন্ত কমিটির সদস্য এনএসআই’র তৎকালীন পরিচালক (বহির্বিভাগ) অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনালের এনামুর রহমান চৌধুরী।
চট্টগ্রাম মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল-১ এর বিচারক এস এম মজিবুর রহমানের আদালতে এ সাক্ষ্য গ্রহণ করা হয়।
সাক্ষ্যে তিনি বলেন, সরকারি তদন্ত কমিটির সদস্যদের অনাগ্রহের কারণে তাদের প্রতিবেদনে ১০ ট্রাক অস্ত্র চোরাচালানে এনএসআই’র মাঠ কর্মকর্তা আকবর হোসেনের বিষয়টি সরাসরি না এসে পরোক্ষভাবে এসেছে।
তিনি বলেন, প্রতিবেদনে অস্ত্র চোরাচালানের সঙ্গে হাফিজুর রহমান, দীন মোহাম্মদ ও হাজী সোবহানের জড়িত থাকার বিষয়টি উঠে আসে। তবে ওই সময় পলাতক থাকায় তাদের জিজ্ঞাসাবাদ করা যায়নি।
সরকারি তদন্ত কমিটির পাশাপাশি চট্টগ্রামের সিআইডিও বিষয়টি তদন্ত করে। তদন্তের শেষ পর্যায়ে এনএসআই চট্টগ্রামের উপ-পরিচালক নুরুজ্জামান ফ্যাক্সবার্তায় জানান ১০ ট্রাক অস্ত্রের ব্যাপারে সিআইডি মাঠ কর্মকর্তা আকবরের সঙ্গে কথা বলতে চান।
আকবরের সঙ্গে কথা বলার জন্য ঢাকায় এনএসআই’র প্রধান কার্যালয়ে যোগাযোগের বিষয়টি উল্লেখ থাকলেও সিআইডি কর্মকর্তারা তা করেননি।
অবসরপ্রাপ্ত এনএসআই কর্মকর্তা এনামুর আরো বলেন, সরকারি তদন্ত কমিটির চূড়ান্ত সভায় বিষয়টি অন্তর্ভুক্ত করতে বললেও সিআইডি’র তৎকালীন ডিআইজি ফররুখ আহমদ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
ফররুখও সরকারি তদন্ত কমিটির সদস্য ছিলেন।
কমিটির অন্য সদস্যরা না চাওয়ায় আকবরের বিষয়টি প্রতিবেদনে সরাসরি না এসে পরোক্ষভাবে এসেছে বলে এনামুর সাক্ষ্য প্রদানকালে আদালতকে জানান।
বেলা সাড়ে ১২টা থেকে দেড়ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত এনামুরের সাক্ষ্য গ্রহণ এবং আসামিপক্ষের চার আইনজীবীর জেরা চলে।
বিচারক বুধবার সকালে পুনরায় সাক্ষ্য গ্রহণের সময় দিয়ে আদালত মূলতবি করেন। এদিন মামলার অষ্টম সাক্ষী হিসেবে ডিজিএফআই’র তৎকালীন এটাচমেন্ট কমান্ডার অবসরপ্রাপ্ত কর্নেল রেজাউর রহমানের সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে।
এদিকে সাক্ষ্য গ্রহণ শুরুর আগে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার দশ আসামিকে আদালতে হাজির করা হয়।
এরা হলেন- সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতের কেন্দ্রীয় আমীর মতিউর রহমান নিজামী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই’র সাবেক দুই প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার চৌধুরী, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুর রহিম, সাবেক পরিচালক উই্ং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন, উপ-পরিচালক মেজর (অব.) লিয়াকত হোসেন, সাবেক মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান, সিইউএফএল’র সাবেক এমডি মোহসিন উদ্দিন তালুকদার, দুই চোরাচালানি হাফিজুর রহমান ও দীন মোহাম্মদ।
শারীরিকভাবে অসুস্থ থাকায় সিইউএফএল এর সাবেক জিএম (প্রশাসন) এনামুল হককে আদালতে হাজির করা হয়নি। এনামুল বর্তমানে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
২০০৪ সালের ১ এপ্রিল মধ্যরাতে সিইউএফএল’র সংরক্ষিত জেটিঘাটে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র ও গোলাবারুদ আটক করে কর্ণফুলী থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র ও চোরাচালান আইনে পৃথক দুুটি মামলা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/ডিডি/২১৪৯ ঘ.
bdnews24