২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নকলের সুযোগ না দেওয়ায় শিক্ষক লাঞ্ছিত’

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলের সুযোগ না দেওয়ায় নেত্রকোনার কেন্দুয়ায় পরীক্ষার্থীর হাতে দুই শিক্ষক লাঞ্ছিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 03:08 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

নেত্রকোনা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নকলের সুযোগ না দেওয়ায় নেত্রকোনার কেন্দুয়ায় পরীক্ষার্থীর হাতে দুই শিক্ষক লাঞ্ছিত হয়েছেন। মঙ্গলবার বিকালে কেন্দুয়া জয়হরি ¯প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে লাঞ্ঝিত দুই শিক্ষক হলেন- কেন্দুয়া ডিগ্রি কলেজের প্রভাষক মাহফুজুর রহমান এবং ভরাপাড়া ফাজিল মাদ্রাসার প্রভাষক বাবুল আহমেদ। হল সুপার ও পারভীন সিরাজ মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, মঙ্গলবার পৌরনীতি প্রথম পত্রের পরীক্ষা চলাকালে পরীক্ষার্থীদের কাছ থেকে পরিদর্শকরা ২০টি মুঠোফোন জব্দ করেন। এতে ক্ষিপ্ত হয়ে পরীক্ষা শেষে কতিপয় পরীক্ষার্থী প্রভাষক মাহফুজুর রহমান ও বাবুল আহমেদকে অকথ্য ভাষায় গালাগাল দেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া তাদের হুমকিও দেওয়া হচ্ছে বলে শিক্ষকেরা জানিয়েছেন। এ ব্যাপারে মো. সাইফুল ইসলাম বলেন, “এ অবস্থায় নিরাপত্তা না পেলে সামনের পরীক্ষাগুলো সুষ্ঠুভাবে চালানো অসম্ভব হয়ে পড়বে।” কেন্দুয়া থানার ওসি (তদন্ত) এএফএম নাসিম বলেন, এ ঘটনায় হল সুপার মো. সাইফুল ইসলাম বাদী হয়ে পাঁচজন পরীক্ষার্থীর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রেজাউল করিম বলেন, ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। শিক্ষকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/২১০৬ ঘ.