২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ওয়াসার পানিতে ময়লা

নারায়ণগঞ্জে ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারের অনুপযুক্ত বলে অভিযোগ করেছেন গ্রাহকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 02:57 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

নারায়ণগঞ্জ, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জে ওয়াসার ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ব্যবহারের অনুপযুক্ত বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। মঙ্গলবার দুপুরে বোতলে ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এনে সাংবাদিকের দেখান কয়েকজন গ্রাহক। পানিতে ময়লা ও দুর্গন্ধ থাকার কথা স্বীকার করে ঢাকা ওয়াসা নারায়ণগঞ্জ মড্স অফিসের নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল খালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কিছু কিছু জায়গায় ওয়াসার স্যুয়ারেজের লাইন লিকেজ হয়ে ময়লা ঢুকছে। “আমরা স্যুয়ারেজের লিকেজ পাইপগুলো শনাক্ত করে মেরামতের উদ্যোগ নিয়েছি। দ্রুত এ সমস্যা সমাধান করা হবে,” বলেন তিনি। লোড শেডিংয়ের কারণে পানি উত্তোলনে সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জে দৈনিক পানির চাহিদা দুই কোটি ৮০ লাখ লিটার। কিন্তু সরবরাহ করা যাচ্ছে এক কোটি ৭৮ লাখ লিটার। এছাড়া গভীর নলকূপ দিয়েও কিছু পানি সরবরাহ করা হচ্ছে। শহরের দেওভোগ পালপাড়া এলাকার বাসিন্দা অ্যাডভোকেট আহসানুল চৌধুরী বাবু সাংবাদিকদের বলেন, ময়লা আবর্জনা মিশ্রিত ওয়াসার পানি দিন দিন ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। “পানি খাওয়া তো দূরের কথা, এই দুর্গন্ধযুক্ত এই পানি ব্যবহারেরই অনুপযোগী,” বলেন তিনি। শহরের আল্লামা ইকবাল রোড এলাকার বাসিন্দা তানভীর আহম্মেদ, রোকেয়া বেগম, আফসানা আক্তারও একই কথা বলেন। এ ব্যাপারে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক সার্জন আসাদুজ্জামান বলেন, দূষিত পানি ব্যবহারের কারণে শহরের বিভিন্ন এলাকায় রোগ ব্যাধি ছড়িয়ে পড়ছে। চুলকানি, পেটের পীড়া, টাইফয়েডসহ নানা রোগে আক্রান্ত হচেচ্ছ লোকজন, বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/২০৫২ ঘ.