২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাঈদীর ছেলেকে বিদেশ যেতে বাধা নয়’

যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে রাফীক বিন সাঈদীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 11:11 AM

ঢাকা, এপ্রিল ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধের মামলায় কারাবন্দি জামায়াতের নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বড় ছেলে রাফীক বিন সাঈদীকে বিদেশ যেতে বাধা না দেওয়ার নির্দেশ দিয়েছে হাই কোর্ট। মঙ্গলবার রাফীকের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে রাফীকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। শুনানিতে খন্দকার মাহবুব হোসেন বলেন, “গতকাল (সোমবার) সকালে কুয়েত এয়ারওয়ের একটি ফ্লাইটে রাফীকের লন্ডন যাওয়ার কথা ছিল। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা বলেছেন, আদালতের আদেশ ছাড়া আপনাকে বিদেশ যেতে দেওয়া হবে না।” “রাফীকের বিরুদ্ধে কোনো মামলা ছাড়াই এভাবে তাকে বিদেশ যেতে বাধা দিতে পারে না,” বলেন তিনি। মোতাহার হোসেন সাজু শুনানিতে বলেন, “ওনার বাবা সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলা শেষ পর্যায়ে। ওই মামলার বিচার কাজকে বাধাগ্রস্ত করতেই তিনি বিদেশ যেতে চাচ্ছেন।” আদালত শুনানি শেষে রাফীককে বিদেশ যেতে বাধা না দিতে আদেশ দেয়। একাত্তরে যুদ্ধাপরাধের বিচারে ২০১০ সালের মার্চে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাঈদীসহ জামায়াতে ইসলামী ও বিএনপির আট নেতার বিরুদ্ধে মামলার কার্যক্রম চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/১৮২৮ ঘ.